পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থল করতে চাই: নতুন আইজিপি
পুলিশ বাহিনীকে জনগণের প্রথম ভরসার জায়গায় নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সে পুলিশের সব রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি একথা বলেন বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঁচ বছর র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা বেনজীর আহমেদ বলেন, “দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই। কোনো পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
“পুলিশের কাজের মূল ভিত্তি হবে টিম স্পিরিট। এককভাবে নয়, পুলিশ সদস্যদেরকে টিম হিসেবে কাজ করতে হবে। আমরা পুলিশকে প্রযুক্তি নির্ভর, আধুনিক ও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।”
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন আইজিপি।
“অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সীমিত করতে হবে,” বলেন তিনি।
এ সময় পুলিশকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে বেনজীর আহমেদ বলেন, “মানুষের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। মানুষের সাথে মানবিক আচরণ করতে হবে।
“সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সময় খোলা স্থানে অথবা ফুটপাতে বাজার বসাতে হবে। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে।
“জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে কেউ পণ্যের মজুতদারি অথবা মূল্য বৃদ্ধি করতে না পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হবে।”
আইজিপি বলেন, সরকারি ত্রাণ বিতরণ এবং ওএমএসের চাল বিতরণে যে কোনো অনিয়ম রোধে ভূমিকা রাখবে পুলিশ। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
“বর্তমানে পুলিশের অনেক সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা কাজে লাগাতে হবে।”
করোনাভাইরাস পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য অসুস্থ হলে তার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মহাপরিদর্শক বেনজীর।
মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাংলাদেশে আর মাদক দেখতে চাই না। আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।”
পুলিশ সদস্যদের সতর্ক করে তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে নতুন নতুন অপরাধ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এছাড়া কোথাও কোথাও চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এসব বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ ইত্যাদি প্রযুক্তিনির্ভর অপরাধ বন্ধ করতে হবে। ভুয়া সংবাদ, গুজব বন্ধ করতে হবে।”
বাংলাদেশ পুলিশের দুই লাখ ১২ হাজার পুলিশ সদস্যের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে নতুন আইজিপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে দেশের কল্যাণে এবং রাষ্ট্রের অগ্রগতি ও উন্নয়নে কাজ করতে হবে।”
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। গত বুধবার মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এটাই নতুন পুলিশ প্রধানের প্রথম বক্তব্য।
