টিআইবি-বিএনপির প্রতিক্রিয়া না বুঝে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপি নাম বুঝেই প্রতিক্রিয়া জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, “সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনো ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও রিজভী (বিএনপি নেতা) সাহেব দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন।”
টিআইবির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধু দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণের জন্য নয়।”
সব দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর যে ইতিহাস আওয়ামী লীগের রয়েছে, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা এই নির্দেশই দিয়েছেন, বলেন হাছান মাহমুদ।
“দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ত্রাণ বিতরণ করা। এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন, তা সমন্বয় করা, যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়।”
