২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ারেন্টিনের জন্য ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক

বিদেশ প্রত্যাগতদের কোয়ারেন্টিন হিসেবে ব্যবহারের সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 08:10 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারের এই কক্ষগুলো হস্তান্তর করা হয়।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্কে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সময়ে বিদেশ প্রত্যাগত সবারই কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন। ঢাকার আশপাশে উপযুক্ত পরিবেশে ভালো মানের কোয়ারেন্টিন সেন্টার থাকলে বিদেশপ্রত্যাগতরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

“সেই ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্র্যাক এই ৪৩০টি কক্ষ সরকারকে দিয়েছে।”

করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে ব্র্যাকের অনেক কার্যক্রমের বিষয়েও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

দেশজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করার উল্লেখ করে এতে বলা হয়, স্থানীয় প্রশাসনের সহায়তায় বাস্তবায়িত এই কার্যক্রমে যুক্ত রয়েছে সংস্থার এক লাখেরও বেশি কর্মী, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী।

ব্র্যাক জানিয়েছে, ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এ পর্যন্ত ৬ লাখের বেশি তরল সাবান, গোসলের সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা উপকরণ হিসেবে বিতরণ করা হয়েছে ৫৫ হাজারেরও বেশি সর্জিক্যাল মাস্ক এবং ৮১ হাজার জোড়া গ্লাভস।

ইতোমধ্যে কুটিরশিল্পভিত্তিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ও সুরক্ষা পোশাক বা পিপিই উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক এবং দুই হাজার ১৫০টি সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে।

অতিদরিদ্র পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগও গ্রহণ করেছে ব্র্যাক, যার বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাকের ওয়েবসাইটে।

মাঠপর্যায়ে জনসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম ব্যবহার করেও ব্র্যাক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। এতে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, নীতিনির্ধারক ও শিল্পীরা এবং ব্র্যাকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।