২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 06:48 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার বিকেলে তিনি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও একই সময় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে যান।

রাষ্ট্রপতি দুজনকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় ভূমিকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ দমন ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ ইতিবাচক অবদান রেখে আসছে।

“বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণের সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”

রাষ্ট্রপতি বলেন, র‍্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন দেশের যে কোনো প্রয়োজনে এ বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও সাহসী ভূমিকা অব্যাহত রাখবে।

আইজিপি ও র‍্যাব মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্স র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আইজিপি এবং সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে একদিন আগেই দায়িত্ব গ্রহণ করেন।