‘এ সময়ে বাসা ছেড়ে দিলে থাকব কোথায়’
টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক থাকেন রাজধানীর বাসাবোতে ভাড়া বাসায়। এলাকাটি অবরুদ্ধ থাকলেও তিনি সেখান থেকেই নিয়মিত কর্মস্থলে যাতায়াত করেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে তিনি পেয়েছেন বাসা ছাড়া নোটিস।
এই চিকিৎসক জানান, যেহেতু তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, তাই তার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে- এই আশঙ্কায় বাড়ির মালিক তাকে বাসা ছেড়ে দিতে বলেছেন।
আতঙ্কজনক এক পরিস্থিতিতে যখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা প্রচণ্ড মানসিক চাপ সামলে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, তখন তাদের সঙ্গে এলাকাবাসী, বাড়ির মালিকদের বিরূপ আচরণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও (বিএমএ)।
বাসাবোতে থাকা ওই চিকিৎসক ক্ষোভ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময়ে বাসা ছেড়ে দিলে আমি থাকব কোথায়? আর ডাক্তার জেনে তো অন্য কেউ ভাড়াও দিবে না। এখন তো মনে হচ্ছে, এই পেশায় আসাটাই ঠিক হয়নি। ভবনের এমন কেউ নেই, যাকে আমি চিকিৎসা সেবা বা এ সংক্রান্ত পরামর্শ দেইনি। কিন্তু এ সময়টায় সবচেয়ে বেশি মানসিক চাপ নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের।”
করোনাভাইরাসের জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই চিকিৎসা সেবা দেন বলে জানান তিনি।
“এই বাসায় থাকা অন্যদের সাথে আমি কথা পর্যন্ত বলি না। বাসার সামনে থেকেই গাড়িতে উঠে চলে যাই। আর আমাদের কাছে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কোনো রোগী আসলে তাদের ঢাকায় পাঠিয়ে দেই।”
দুই নাতিকে দেখাশুনার জন্য তার মা আসতেন প্রতিদিন, তাকেও আসতে বারণ করা হয়েছে বলে জানান তিনি।
এই সময় চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উচিত মত দিয়ে তিনি বলেন, “আসলে আমাদের ভাড়াটিয়ার হাতে তো কোনো ক্ষমতা নেই। কিন্তু আমার মনে হয়, এ সময়টায় সবারই উচিত আমাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। মানসিক চাপ নিয়ে তো আমরা চিকিৎসা দিতে পারব না।”
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ গুলজার হোসেন উজ্জ্বল গত ১৪ এপ্রিল ফেইসবুকে এক স্ট্যাটাসে এক চিকিৎসক দম্পত্তির বিড়ম্বনার কথা জানান।
সেখানে তিনি লেখেন, “আক্রান্ত ব্যক্তির স্যাম্পল নিতে গিয়ে উপজেলা হাসপাতালে কর্মরত এক ডাক্তার নিজেই আক্রান্ত হন। করোনা পজিটিভ হবার পর তারা স্বামী-স্ত্রী যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে কোয়ারেন্টাইন্ড হন। এলাকাবাসী জানতে পেরে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। তারপর অভুক্ত অবস্থায় তাদেরকে বাড়ি ছাড়া করে।”
গুলজার হোসেন উজ্জ্বলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি ময়মনসিংহ সদরের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই ওরা বাসা ভাড়া নিয়ে থাকত। ছেলেটি ময়মনসিংহ মেডিকেলে আছে। আর মেয়েটি চাকরি করত ব্রাহ্মণবাড়িয়ার একটি উপজেলা হাসপাতালে।
“সাসপেক্টেড হওয়ার পর মেয়েটি ওর হাজবেন্ডর কাছে গেল ময়মনসিংহে। তখনই সে ফিল করল যে তার জ্বর জ্বর লাগছে বা জ্বর আসছে। তখন সে সিভিল সার্জনকে খবর দিল। তারপর ময়মনসিংহ জেলা সদর থেকে ওদের পরীক্ষার ব্যবস্থা হল। পিপিই পরা লোকজন যখন বাসায় ঘন ঘন আসা-যাওয়া করছিল তখন স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে আসে এবং তাদেরকে তাৎক্ষণিক বাসা ছাড়তে বাধ্য করে। এরকম পরিস্থিতিতে এক কাপড়ে তাদের বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছিল।”
চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এমন আচরণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনও।
“সারা দিন চিকিৎসা সেবা দিয়ে যখন একজন স্বাস্থ্যকর্মী বাসায় যাচ্ছেন, তখন বাড়িওয়ালা হুমকি দিচ্ছেন, বাসায় থাকতে পারবেন না। একজন স্বাস্থ্যকর্মী সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করেন এবং বাড়ি ফেরেন। সেখানে তাদের সঙ্গে এমন আচরণ খুবই দুঃখজনক।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী।
শুধু তাই নয়, চিকিৎসকদের আনা-নেওয়ার কারণে রাজধানীতে এক চালককে বাধ্য করা হয়েছে গাড়ি অন্যত্র রাখতে।
ঢাকার উত্তরখানের করিমবাগ এলাকার বাসিন্দা মো. মহিন উদ্দিনের গাড়ির নিয়মিত যাত্রী ঢাকা মেডিকেল কলেজের শিশু ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ফারুখ ও অ্যানেসথেসিয়া অ্যান্ড আইসিইউ বিভাগের জুনিয়র কনসালটেন্ট সুখ রঞ্জন দাস। এছাড়াও বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের চিকিৎসকদের আনা-নেওয়া করেন মহিন।
মহিন বলেন, “আমার বাসার পাশেই আরেকটি ভবনে গাড়ি রাখতাম। আমি ডাক্তার স্যারদের আনা-নেওয়া করি, এলাকার মানুষজন সেইটা জানে। কিছুদিন আগে ওই ভবনের মালিক বললেন যে, এলাকার লোকজন নাকি তাকে চাপ দিচ্ছে আমাকে যেন গাড়ি রাখতে দেওয়া না হয়।
“তারা মনে করতাছে ডাক্তারদের নিয়ে হাসপাতালে যাওয়া-আসা করি, এই কারণে আমার গাড়িতে করে করোনাভাইরাস আসব। পরে বাধ্য হয়ে গত ১০ এপ্রিল বাসা থেকে এক কিলোমিটার দূরে একটা গ্যারেজে গাড়ি রাখছি।”
মহিনের প্রতি এলাকাবাসীর এমন আচরণ দুঃখজনক মনে করেন চিকিৎসক মো. আসাদুজ্জামান ফারুখ।
“শুধুমাত্র আমাদের আনা-নেওয়ার কারণে মহিন উদ্দিনকে এলাকার লোকজন তাকে একরকম খারিজ করে দিয়েছে। অথচ তার কারণেই বিভিন্ন সময় এলাকার লোকজন ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো হাসপাতালে হোক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব পেয়েছে। এই পরিস্থিতিতে পাবলিকের এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।”
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের বলেন “যারা এ কাজগুলো (বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া, বাড়িতে ঢুকতে না দেওয়া ইত্যাদি) করছে, সে কাজগুলো না করতে বাধ্য করার উপায় হল আইন। বক্তৃতা দিয়ে, মানবিকতার কথা বলে এসমস্ত লোকদের নিবৃত্ত করা যাবে না। ফলে প্রয়োজনীয় আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
“বর্তমানে এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনটি হল সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮। এই আইনে সে সুযোগটা আছে। এর ৩ ধারায় এ আইনটিকেই সব আইনের উপরে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি আইনটির ৬ ধারায় সুনির্দিষ্ট উপায়ে উপদেষ্টা কমিটি গঠন ও তাদের সুপারিশে যেকোনো ব্যবস্থা গ্রহণ করা যায় বলে উল্লেখ আছে।”
এই আইনজীবী বলেন, “যদি উপদেষ্টা কমিটি এরকম একটা সিদ্ধান্ত নেয় যে, এ সমস্ত বিড়ম্বনা, হয়রানি বন্ধ করার জন্য সরকারের নির্দেশনা জারি করা দরকার এবং সেই নির্দেশনা যদি সরকারের যথাযথ কর্তৃপক্ষ জারি করে, তাহলে নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনটির ২৪, ২৫, ২৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তখন মোবাইল কোর্ট বলেন বা আইন প্রয়োগকারী সংস্থা বলেন তারা এর প্রতিকার করতে পারবে। আইনগতভাবে প্রতিকারের উদ্যোগ নিলেই এসমস্ত বেআইনি, অমানবিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।”
বাড়ির মালিক, এলাকাবাসী বা অন্য কেউ যদি এ ধরনের মহামারী পরিস্থিতিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তার দ্রুত প্রতিকারের জন্য হটলাইন চালু করা উচিৎ বলেও মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
