২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও ওষুধ নিয়ে মালদ্বীপে গেল নৌবাহিনীর জাহাজ

একশ মেট্রিক টন খাদ্য সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে মালদ্বীপের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 06:01 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

পুরনো খবর:

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য ত্রাণ পাঠাচ্ছে সরকার

করোনাভাইরাসের মহামারীর মধ্যে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলে এই সহায়তা যোগাড় করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম হাতে নেওয়ার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালেতে বাংলাদেশ দূতাবাস এই সহায়তা পৌঁছানার বিষয়টি তদারক করছে।

এই ত্রাণ সামগ্রীর মধ্যে ৪০ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আলু, ১০ মেট্রিক টন মিষ্টি আলু, ১০ মেট্রিক টন মশুর ডাল, ৫ মেট্রিক টন ডিম এবং ৫ মেট্রিক টন সবজি রয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা চার লাখের কিছু বেশি, এর মধ্যে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় দুই লাখের মত।

বেসরকারি হিসাবে, সেখানে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি আছেন, যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই। এদের অধিকাংশই কাজ করছেন নির্মাণ শ্রমিক হিসাবে বা সেবা খাতে।