২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য ত্রাণ পাঠাচ্ছে সরকার

করোনাভাইরাসের মহামারীর মধ্যে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 02:15 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেখানে ত্রাণ পাঠানোর নির্দেশনা দিয়ে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে।

মালদ্বীপে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে ত্রাণ হিসেবে ৪০ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আলু, ১০ মেট্রিক টন মিষ্টি আলু, ১০ মেট্রিক টন মশুর ডাল, ৫ মেট্রিক টন ডিম এবং ৫ মেট্রিক টন সবজি বিতরণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতোমধ্যে চাল ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে ৫০ লাখ টাকা বরাদ্দও দিয়েছে। বরাদ্দপত্রে বলা হয়েছে, বিতরণের জন্য খাদ্যসামগ্রীর সঙ্গে কিছু জরুরি ওষুধপত্র, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এজন্য অতিরিক্ত যে অর্থের প্রয়োজন হবে সেই চাহিদাপত্র দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ত্রাণ সামগ্রী চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে কিনতে নির্দেশ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে এসব ত্রাণ সামগ্রী মালদ্বীপে পাঠাতে চট্টগ্রামের নেভাল স্টোর ডিপোর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা চার লাখের কিছু বেশি, এর মধ্যে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় দুই লাখের মত।

বেসরকারি হিসাবে, সেখানে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি আছেন, যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই। এদের অধিকাংশই কাজ করছেন নির্মাণ শ্রমিক হিসাবে বা সেবা খাতে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী, মালদ্বীপে এ পর্যন্ত ২০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কেউ মারা যাননি।

আক্রান্তদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, সে তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।