প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিচ্ছে ঢাবি
নভেল করোনাভাইরাসের কারণে দেশের উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ছত্রিশ লাখ তিরানব্বই হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার সমপরিমাণ অর্থের চেক প্রধামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে তিনি বলেন, এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে
“সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।”
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “করোনাভাইরাস একটি বড় দুর্যোগ।এই মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত জানিয়েছে, এটা প্রশংসনীয়। তাদের এই সুন্দর মূল্যবোধই আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শন।”
