২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপির বিদায়ে থাকছে না কোনো আড়ম্বর

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে খুবই সাদামাটাভাবে বিদায় নিচ্ছেন মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 05:37 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

প্রায় ২৫ মাস ধরে পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ১৪ এপ্রিল ১ বৈশাখ ছুটি। এ কারণে ১৫ এপ্রিল দায়িত্ব হস্তান্তরের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

আইজিপির বিদায় এবং নতুন আইজির যোগদান অনু্ঠান ঘিরে পুলিশ হেডকোয়াটার্সে চিরাচরিতভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার এই আয়োজন ঘিরে ফুলের বিশেষ ব্যবস্থা নেই, থাকছেনা কোনো বিশেষ আয়োজনও। নীরবে জাবেদ পাটোয়ারীকে বিদায় আর বেনজীর আহমেদকে দায়িত্ব নিতে হবে। বুধবার সেটাও হবে সামাজিক দূরত্ব মেনে।

পুলিশ হেডকোয়াটার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ এপ্রিল যোগদান এবং বিদায় অনুষ্ঠানে বিশেষ কোনো আয়োজনই হচ্ছে না। করেনাভাইরাসের কারণে পুরো অনুষ্ঠানকে খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। আর যেগুলো একান্তই করা দরকার সেসব অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যাও রাখা হয়েছে সীমিত।”

পুলিশ হেডকোয়াটার্সের কর্মকর্তারা বলছেন, আইজিপির বিদায় অনুষ্ঠানে যুগ যুগ ধরে চলে আসা একটি প্রথা চালু আছে। সেটি হল- নতুন আইজিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর বিদায়ী আইজিকে বহনকারী গাড়িটি মোটা রশি দিয়ে বাঁধা হয়। পরে তার সহকর্মীরা সেই রশি টেনে গাড়িটি পুলিশ হেডকোয়াটার্সের বাইরে রেখে আসেন। এরপর তিনি চলে যান সাধারণ নাগরিকের মতো। এটাই আইজিকে বিদায় জানানোও সবচেয়ে বড় আয়োজন।

এই অনুষ্ঠানের সাথে পুলিশ হেডকোয়াটার্সের খোলা মাঠে মঞ্চ বানিয়ে নতুন এবং বিদায়ী আইজিকে নিয়ে একটি অনুষ্ঠানের প্রথা ২০১৮ সালে জাবেদ পাটোয়ারীর দায়িত্ব গ্রহণের সময় যুক্ত হয়েছে। নতুন এই আয়োজনে কনস্টেবল থেকে শীর্ষ পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

প্রথা অনুযায়ী এবারও গাড়ী টেনে বাইরে আনা বা স্টেজ বানিয়ে স্মৃতিচারণ করা কথা ছিল। কিন্তু পুলিশ হেডকোয়াটার্স সূত্রে জানা গেছে, করেনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রশি দিয়ে গাড়ি টেনে বের করা বা স্টেজ বানিয়ে অনুষ্ঠান কোনোটিই থাকছে না এবার। নতুন আইজিকে ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়ও বাদ দেওয়া হয়েছে।

তবে নতুন আইজিপির প্রধানমন্ত্রী কর্তৃক র‌্যাঙ্ক ব্যাজ পরা, পুলিশ হেডকোয়ার্টাসে গিয়ে দায়িত্ব গ্রহণ, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকছে। পরিস্থিতির প্রয়োজনে এই কর্মসূচিও কাটছাঁট বা পরিববর্তন হতে পারে।