২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ঢাকায় ট্রাক নিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

নভেল করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে মানুষের ঘরে অবস্থানের সুযোগ নিয়ে প্রায় জনশূন্য রাজধানীতে দুটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 05:30 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সোমা জানান।

এরা হলেন- ডাকাত দলের নেতা সোহেল (৩৬), সোহরাব হোসেন (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫), ও রাজু (২৫)।

সোহেলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে হলেও মিরপুর-১ নম্বর এলাকায় থাকেন।  শাহিনের বাড়ি বরিশালে ও সোহরাবের বাড়ি শরীয়তপুরে, তারা দুজনেই কেরানীগঞ্জ এলাকায় বাস করেন। নেওয়াজ থাকেন মিরপুর চিড়িয়াখানা এলাকায়।

পুলিশ কর্মকর্তা শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছোট একটি ট্রাক, চাপাতি, লোহার রড ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

“এই করোনাভাইরাস আতঙ্কে সময় ফাঁকা ঢাকায় ছোট ট্রাক নিয়ে বের হতো একই চক্রটি। কয়েকদিন আগে মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মা ডাকাতি হয়।ওই দুটি ঘটনায় মামলা হয় এবং তদন্তে দেখা যায় এই চক্রটি ডাকাতি করেছে।”

এই পাঁচজনকে ‘পেশাদার ডাকাত চক্রের’ সদস্য হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, এরা পুলিশের হাতে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারে গেলেও জামিনে বের হয়ে আবার চুরি-ডাকাতি করে বেড়াত।”

১ এপ্রিল রাত পৌনে একটার দিকে মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে।

সোমা বলেন, “লাজ ফার্মায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রথমে দলনেতা সোহেলকে গ্রেপ্তার। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয়।”