২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 06:53 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

তবে কার্গো,ত্রাণ ও সহায়তা সামগ্রী বহনকারী ফ্লাইট, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি অবতরণ নিষেধাজ্ঞার বাইরে থাকবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান।

শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিয়মিত যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

“তবে এই নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য- ১৬টি দেশের ক্ষেত্রে কার্যকর হবে।”

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে বলে তিনি জানান।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল শিডিউল ফ্লাইট আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তার আগে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছিল।