২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরবন্দি জীবনে মন যাচ্ছে খবরে

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা সালমা খাতুন গৃহ শ্রমিকের কাজ করেন। করোনাভাইরাস আতঙ্কের পর আপাতত তার কাজ বন্ধ। গৃহবন্দি এই সময়টাতে টেলিভিশন দেখে দিন পার করছেন তিনি।

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 11:44 AM

Updated : 10 Oct 2022, 07:06 PM

এর আগে ছেলের মোবাইল ফোনে ইউটিউবে ওয়াজ মাহফিল দেখতেন। এখনও সেটা দেখা চলে, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে টেলিভিশনে খবর দেখা।

সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবরই বেশি দেহি। কোনহানে করোনা আইলো, এলাকা বন্ধ কইরা দিলো এইসব দেখি।”

নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ নেওয়ার পর বাংলাদেশে তার বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ শুরু হয় অবরুদ্ধ পরিস্থিতি; ছোঁয়াচে এই রোগের সংক্রমণ রোধে এই সময়ে বের হতে মানা করা হয়েছে।

ফলে সার্বক্ষণিক ঘরে আটকে থাকা মানুষের বিনোদনের জায়গায় আগের চেয়ে বেশি চলে এসেছে খবর।

একদিকে ভারতীয় টেলিভিশনগুলোর পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার, দেশীয় চ্যানেলের নাটক এবং শহুরে মানুষের অনলাইন স্ট্রিমিং সাইটে আনোগোনা বাড়লেও আগের চেয়ে আগ্রহ তৈরী হয়েছে খবরে।

দেশের সংবাদভিত্তিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানের চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা বলছেন, করোনাভাইরাস আতঙ্কের কারণে মানুষের মধ্যে খবর দেখার আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে এভাবে বন্দিদশা চলতে থাকলে ধারাবাহিক নাটক আর নিয়মিত চালাতে না পারার কথাও বলেছেন তারা।

এই সঙ্কটময় অবস্থায় নিজস্ব অনুষ্ঠানের ধরনেও পরিবর্তন আনার কাজ শুরু করেছেন অনেকে।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আরিফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শক এখন অনেক সতর্ক। তারা চাচ্ছে করোনা সংক্রান্ত তথ্যে মনোযোগ দিতে। সেকারণে সংবাদ ভিত্তিক চ্যানেলে তার চোখ বেশিক্ষণ থাকছে।”

নিজের চ্যানেলের অনুষ্ঠানে পরিবর্তন আসার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের বিনোদনধর্মী কিছু অনুষ্ঠানে পরিবর্তন এসেছে। ‘বিনোদন সারাদিন’ নামে একটি অনুষ্ঠান সপ্তাহে ৪ দিন চলত এবং ‘সিনেনামা’ নামে আরেকটি অনুষ্ঠান চলতো। দুটো অনুষ্ঠানই চলছে না।

“এটা যে দর্শকের কারণে বদলেছে তা নয়, এর কনটেন্ট ক্রাইসিস হচ্ছে। বিনোদন সংবাদ কমে গেছে। সিনেমা রিলিজ হচ্ছে না। আবার সাথে সাথে দর্শকের কথাও বিবেচনা করতে হচ্ছে। সেই বিবেচনা করে হেলথ শো করছি আরও কিছু শো বাড়ানোর চিন্তা করেছি।”

“সপ্তাহে চার দিন ‘করোনায় করণীয়’ নামে একটা শো চালু করতে যাচ্ছি। যেটা আগামী রোববার থেকে শুরু হবে,” বলেন তিনি।

ধারাবাহিক নাটকের শুটিং বন্ধ থাকায় পর্ব সঙ্কটে পড়ার কথা জানিয়ে আরিফ বলেন, “আগামীতে কনটেন্ট ক্রাইসিস বাড়বে। ধারাবাহিক নাটকের ক্ষেত্রে চলতি মাস সামাল দেওয়া যাবে। সামনের মাসে সমস্যায় পড়তে হবে।”

মানুষের ঘরবন্দি এই সময়ে দেশের চ্যানেলের প্রতি দর্শক বেড়েছে জানিয়ে তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে ভারতীয় চ্যানেলে বাংলাদেশের দর্শক কমেছে। কারণ ওরাও কনটেন্ট ক্রাইসিসে আছে। পুনঃপ্রচার করছে।”

বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মে মাসের ২-৩ তারিখ পর্যন্ত আমাদের পুনঃপ্রচার করতে হবে না। ইনহাউজ অনুষ্ঠান নতুন করে করতে হবে।“

দর্শক আগ্রহের বিষয়ে তিনি বলেন, “টিআরপির যে হিসাব আমাদের কাছে রয়েছে, তাতে বলছে, গত ১৫ দিনে বাংলাদেশের চ্যানেলগুলোতে মানুষ সংবাদ যেমন দেখে, তেমন রাত ৮ থেকে ১২টা পর্যন্ত নাটক এবং টকশো বেশি দেখেছে এবং সেটা আগের যে কোনো সময়ের তুলনায়।”

নিজের পরিবারে বিনোদনের ধরন পাল্টানোর কথা তুলে ধরে একটি টেলিভিশন চ্যানেলের কর্মী ফাল্গুনী রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দাদি সবসময় সিরিয়াল দেখেন। এখনও তাই দেখছেন। তবে বাবার ক্ষেত্রে টেলিভিশন দেখার ধরন একটু পাল্টেছে। আগে সন্ধ্যায় বাসায় ফিরে টেলিভিশনে খবর দেখতেন। এখন সারাদিন বসে চ্যানেল পাল্টে পাল্টে খবর দেখছেন।”

সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শকরা দেশীয় চ্যানেল থেকে একটু দূরে সরে গিয়েছিল। সেই জায়গা থেকে দেশীয় চ্যানেলে ফিরে এসেছে। এবং সেটা সংবাদভিত্তিক চ্যানেলের দিকে। কারণ তার তথ্য দরকার। সারাক্ষণেই খবর রাখছে কোথায় করোনার সংক্রমণ ধরা পড়ল, নতুন কোনো এলাকা লকডাউন করলো কি না?

“বিনোদনমূলক দেশীয় এবং ভারতীয় চ্যানেলগুলো অনেকেই অনুষ্ঠান পুনঃপ্রচার করছে যে কারণে তারা সুবিধা করতে পারছে না। দর্শকরা অনেকেই এখন নেটফ্লিক্স বা এরকম প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। আমাদের টেলিভিশনে মূলত সে খবর নিতে আসছে।”

তবে মানুষ এখন ইন্টারনেটে সংবাদ বেশি পড়ছে জানিয়ে তুষার আবদুল্লাহ বলেন, ট্রাডিশনাল টিভি মিডিয়ায় দর্শক সরকারি ব্রিফিং দেখছে। কিন্তু তারা আবার ইন্টারনেটেও খবর পড়ছে। এবং সেখানে পাঠকদের ঘোরাফেরা বাড়ছে। শুধু যে দেশে প্রতিষ্ঠিত ওয়েব পোর্টালগুলোতে বাড়ছে এমন নয়, টেলিভিশনগুলোর ওয়েব পোর্টালেও পাঠক বেড়েছে।”

সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশ্বিক পরিস্থিতির কারণেই মানুষের এখন সংবাদের প্রতি আগ্রহ বেশি। আমাদের যে অভিজ্ঞতা সেখানে দেখছি, আগের চেয়ে আমাদের চ্যানেলের দর্শক বেড়েছে।”

বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বা ওটিটি প্ল্যাটফর্মের দিকে শহুরের মানুষদের ঝোঁকার হার বেড়েছে বলেও ধারণা দিয়েছেন মোহাম্মদপুরের একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্মী শাহীন তারেক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যেটা দেখছি আগের চেয়ে আমাদের গ্রাহকদের মধ্যে নেটফ্লিক্স, হই চই বা অন্য প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে।  যে কারণে এখন ব্যান্ডউইথের উপর চাপও বেড়েছে।“

শান্তিনগরের বাসিন্দা তাবাসসুম জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে নেটফ্লিক্স বা এধরনের ওটিটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না। ঘরবন্দি হওয়ার কারণে এখন দুটি এরকম প্ল্যাটফর্মের গ্রাহক হয়েছি।“