মাদারীপুরের ওই কনস্টেবল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না: পুলিশ
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মাদারীপুরের যে পুলিশ সদস্য মারা গেছেন, তার মৃত্যুর কারণ কিডনির জটিলতা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়।
মাদারীরপুর জেলায় কর্মরত ২৬ বছর বয়সী ওই পুলিশ কনস্টেবল বুধবার রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।
প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে তাকে নেওয়া হয়েছিল ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুর পর করোনাভাইরাস সংক্রমণের সন্দেহ পোষণ করছিলেন অনেকে।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কনস্টেবল উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় মারা গেছেন, করোনাভাইরাসে নয়।
“তথাপিও করোনা সন্দেহ দূরীকরণের জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং উক্ত রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া যায়।”
ওই পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জে।
