২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবি, ভোক্তা অধিদপ্তরের ছুটি বাতিল

নভেল করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত এবং বাজারে নজরদারি অব্যাহত রাখাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2020, 01:22 PM

Updated : 08 Apr 2022, 12:31 AM

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ব্যাংকগুলো চলবে সীমিত পরিসরে।

এছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে সব গণপরিবহন ‘লকডাউন করার’ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ট্রাক, কভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন- এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

এদিকে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ এবং সব ধরনের লোকার ও মেইল ট্রেন চলাচল মঙ্গলবার থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।