অনলাইনে ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম এড়ানোর পরামর্শের মধ্যে গাদাগাদি অবস্থায় সংবাদ সম্মেলন করে সমালোচনার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এখন থেকে অনলাইনে ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, “বাংলাদেশে কভিড-১৯ রোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সোমবার বিকালে নিজের ফেইসবুক পেইজ থেকে ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকরা এই লাইভে সরাসরি সংযুক্ত হবেন।”
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসসৃষ্ট কভিড-১৯ রোগ বাংলাদেশে বিস্তারের সর্বশেষ পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী।
অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, হাঁচিকাশির শিষ্টাচার মেনে চলাসহ নানা পরামর্শ যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তখন বিশাল কর্মীবাহিনী নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন করা নিয়ে উঠেছিল প্রশ্ন।
গত শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে কভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
সে সময় তার দুপাশে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, চিকিৎসক নেতাসহ স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা ছিলেন। মন্ত্রীর পেছনেই গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন অন্তত ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী। সংবাদ সম্মেলন শুরু হলে সংবাদকর্মীরা সম্মেলন কক্ষে ঢুকলে ভিড় আরও বেড়ে যায় সেখানে।
জনসমাগম এড়িয়ে চলার পরামর্শের মধ্যে এভাবে সংবাদ সম্মেলন আয়োজন কতটা যৌক্তিক এবং তা অনলাইনে করা যায় কিনা- ওইদিন সাংবাদিকরা সে প্রশ্ন রাখেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
তখন তিনি বলেন, “যুদ্ধাবস্থা যখন থাকে, তখন কিন্তু সব সিস্টেম মেনে চলা সম্ভব হয় না। আমরা বুঝি, আপনারাও বোঝেন আমাদের সবারই নিরাপত্তার দরকারও আছে। তারপরও দেশের তাগিদে, দেশের মানুষের তাগিদে কাজ করতে হয়। আজকে ছুটির দিন আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সব কর্মীরাও এসেছে।”
সেদিন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, “এটা যেন আরও সংক্ষিপ্ত আকারে করা যায়, সে চেষ্টা করা হবে। আইসিটির সহায়তা নিয়ে কিভাবে করা যায়, যাতে এত লোকের সমাগম লাগবে না সে চেষ্টাও আমরা অবশ্যই করব।”
এর আগেও লোকজন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা শিশু হাসপাতালে একটি অনুষ্ঠান করেও সমালোচনার মুখে পড়েছিলেন।
নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস প্রেস ব্রিফিং করেছিলেন অনলাইনে।
এই পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গবেষণা সংস্থা সিপিডি শনিবার তাদের সংবাদ সম্মেলন করেছে ফেইসবুক লাইভের মাধ্যমে।
