২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর জনাকীর্ণ সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন

নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, হাঁচিকাশি শিষ্টাচার মেনে চলাসহ নানা পরামর্শ যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তখন বিশাল কর্মীবাহিনী নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন করা নিয়ে উঠেছে প্রশ্ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2020, 06:36 PM

Updated : 18 Aug 2022, 02:44 PM

বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগ বাংলাদেশে সংক্রমিত হওয়ায় সর্বশেষ পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিয়ে প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার দুপুরে ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে কভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন তিনি।

এ সময় তার দুপাশে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, চিকিৎসক নেতাসহ স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারিত ছিল। এজন্য বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মীও সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন। তবে সংবাদ সম্মেলন শুরু হয় দুপুর সোয়া ২টায়।

সংবাদ সম্মেলন শুরু হলে সংবাদকর্মীরা সম্মেলন কক্ষে ঢুকলে ভিড় বেড়ে বেড়ে যায় সেখানে। অনেকে দাঁড়িয়ে থাকেন।

স্বাস্থ্যমন্ত্রীর পেছনেই গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন অন্তত ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী।

জনসমাগম এড়িয়ে চলার পরামর্শের মধ্যে এভাবে সংবাদ সম্মেলন আয়োজন কতটা যৌক্তিক এবং তা অনলাইনে করা যায় কি না- সাংবাদিকদের সে প্রশ্ন রাখেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে।

তখন তিনি বলেন, “যুদ্ধাবস্থা যখন থাকে, তখন কিন্তু সব সিস্টেম মেনে চলা সম্ভব হয় না। আমরা বুঝি, আপনারাও বোঝেন আমাদের সবারই নিরাপত্তার দরকারও আছে।

“তারপরও দেশের তাগিদে, দেশের মানুষের তাগিদে কাজ করতে হয়। আজকে ছুটির দিন আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সব কর্মীরাও এসেছে।”

Image
শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এটা যেন আরও সংক্ষিপ্ত আকারে করা যায়, সে চেষ্টা করা হবে। আইসিটির সহায়তা নিয়ে কিভাবে করা যায়, যাতে এত লোকের সমাগম লাগবে না সে চেষ্টাও আমরা অবশ্যই করব।”

স্বাস্থ্যমন্ত্রী এর আগে ঢাকা শিশু হাসপাতালে জনসমাগম ঘটিয়ে একটি অনুষ্ঠান করেও সমালোচনার মুখে পড়েছিলেন।

নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস প্রেস ব্রিফিং করেছিলেন অনলাইনে।

এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গবেষণা সংস্থা সিপিডি শনিবার তাদের সংবাদ সম্মেলন করেছে ভার্চুয়ালি; ফেইসবুক লাইভের মাধ্যমে।