২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন ওয়াসফিয়া নাজরীন

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2020, 08:04 PM

Updated : 18 Aug 2022, 02:44 PM

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কোয়ারেন্টিনে থাকা ওয়াসফিয়া শনিবার এক বন্ধুর মাধ্যমে ফেইসবুক পোস্টে কভিড-১৯ নামের এই রোগের সঙ্গে লড়তে থাকার কথা জানিয়েছেন।

ওয়াসফিয়া লিখেছেন, পর পর কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও অ্যাডভেঞ্চারের পর ১২ মার্চ বৃহস্পতিবার শেষ রাতে লস অ্যাঞ্জেলেসে ফেরেন তিনি। লোকজন এদিক-ওদিক ছুটতে থাকায় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ছিল প্রচণ্ড ভিড়, এতে সেখানে কিছু সময় তাকে আটকে থাকতে হয়। বাসায় ফেরার সময় তিনি অসুস্থ বোধ করতে থাকেন, বিপর্যস্ত বোধ হতে থাকে তার।

পরদিন শুক্রবার (১৩ মার্চ) তার হালকা কাঁপুনি দিয়ে জ্বর আসে ওয়াসফিয়া নাজরীনের। ১৪ মার্চ নিজেকে কিছুটা সামলে নিলেও পরদিন ১৫ মার্চ প্রচণ্ড মাথাব্যথা অনুভব করেন তিনি।

“এমনভাবে আমার মাথা ঘোরাচ্ছিল, যা জীবনে কখনও হয়নি।”

সোমবার অর্থাৎ ১৬ মার্চ রাতে দেখা দেয় ফুসফুসের সমস্যা। সারা রাতের মধ্যে সামান্য একটু সময়ের জন্য ঘুমাতে পারেন তিনি। ওই রাতে শ্বাসকষ্টের সঙ্গে কাশি, গলাব্যথা, সর্দি ঝরা আর প্রচণ্ড মাথাব্যথায় কাতর হয়ে পড়েন তিনি।

ওই সময় চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করেও পারেন ওয়াসফিয়া, এক বন্ধুও চেষ্টা করছিলেন তার জন্য। পরদিন মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে চিকিৎসা সেবার আওতায় আসেন তিনি।

ফেইসবুকে বিশাল পোস্টে এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, “আমার মতো অনেকেই আছে, যারা নিজের অসুস্থতাকে উপেক্ষা করেন। সহ্যও করতে পারেন। তাদেরও এখন প্রয়োজন এসব ছোটোখাটো লক্ষণগুলোকে আমলে নেওয়া। থাকতে হবে অতিরিক্ত সতর্ক এবং নিজে থেকেই নিজেকে করে রাখতে হবে গৃহে আবদ্ধ।”

নিজেকে গৃহে আবদ্ধ করা মানেই পরবর্তীকালে প্রবলভাবে ফিরে আসা- এই কামনা করছেন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী ওয়াসফিয়া নাজরীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভুলে ভরা তথ্যে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোনো কিছু শেয়ার করার আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করা এবং সবাইকে শক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াসফিয়া নাজরীন। 

তিনি লিখেছেন, আগামী আট সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৫৬ শতাংশ বাসিন্দা, আনুমানিক চার কোটির মধ্যে দুই কোটি ৫৫ লাখ এই ভাইরাসে আক্রান্ত হবেন বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।

“তাই আমি ভাবতে পারছি না, বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে। আমার মন পড়ে থাকছে বাড়ির সবার জন্য।”

সবার জন্য শুভকামনা জানিয়ে লেখা শেষ করেছেন ওয়াসফিয়া।

“আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং শিগগিরই ফিরব বলে প্রার্থনা করছি।”