২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর থেকে ৭ জন হাসপাতালে

শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিভিন্ন দেশ থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসা আরও সাত যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 06:47 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান নভেল করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার  এক ব্রিফিংয়ে এতথ্য জানান।

তিনি বলেন, “গতকাল সারাদিন থেকে রাত পর্যন্ত সাতজন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই সাতজন যাত্রী কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে এসেছেন।

বিমানবন্দরে আসা সব যাত্রীকেই ‘থার্মাল চেক’ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

তৌহিদ বলেন, “যাদের মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ নেই তাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হচ্ছে। বেশি তাপমাত্রা পাওয়া গেলে হাসপাতালে পাঠানো হচ্ছে পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য।”

গত ২৪ ঘণ্টায় কতজন যাত্রী এসেছেন- এ প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, “গত ৩ দিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী দেশে এসেছেন আর তিন থেকে চার হাজার যাত্রী দেশের বাইরে যাচ্ছেন।”

স্বাভাবিক সময়ে ২৫ থেকে ৩০ হাজার যাত্রী দেশের বাইরে যাওয়া-আসা করেন বলে উল্লেখ করেন তিনি।

তৌহিদ বলেন, “বাংলাদেশে যাত্রী আগমন ও বহির্গমন অনেক কমে গেছে। আন্তর্জাতিক ফ্লাইট আগে গড়ে ৬৫ থেকে ৭০টি ছিল, এখন সেটা ৩০ থেকে ৩৫টি। ৫০ শতাংশ কমে গেছে।”

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখনও নভেল করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে জানান বিমানবন্দরের পরিচালক।