২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শিক্ষা কর্মকর্তাদের বিদেশ সফর আপাতত বন্ধ

নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ নেওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 06:12 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

এই মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে না পাঠানোর নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থা থেকে প্রতিনিয়তই বিদেশ ভ্রমণের অনুমতি (সরকারি ও ব্যক্তিগত) প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপদজনক।

এই পরিস্থিতিতে ওই সব অধিদপ্তর-দপ্তর ও সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান সংক্রান্ত প্রস্তাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নভেল করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বজুড়ে, আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যাও ৮ হাজার ছুঁয়েছে।    

বাংলাদেশেও একজন কভিড-১৯ রোগী মারা গেছে, আক্রান্ত হয়েছে ১৭ জন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কর্মকর্তা বিদেশ থেকে দেশে ফিরলে বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথাও মনে করিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

হোম কোয়ারেন্টিনে থাকার সময় দাপ্তরিক কাজে যাতে বিঘ্ন না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সব সময় অনলাইন এবং ই-নথিতে তা সম্পন্ন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্রমণ ছড়ানো রোধে সতর্কতা হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশও নিষিদ্ধ করেছে সরকার।

পুরনো খবর:

করোনাভাইরাস: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ