২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ক্রেতাদের না আসার পরামর্শ আইইডিসিআরের

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 03:23 PM

Updated : 18 Aug 2022, 02:42 PM

মঙ্গলবার কভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক মালিকরা এ পরিস্থিতিতে করণীয় জানতে চেয়েছিলেন।

“বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় বিদেশী ক্রেতারা আসেন। তারা যেন এই মুহূর্তে না আসেন। এসময় বিদেশি ক্রেতারা এলে তাদের মাধ্যমেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায়। তারা যদি এসেও থাকেন তাহলে যেসব জায়গায় আমাদের অনেক কর্মী একসঙ্গে কাজ করেন সেসব জায়গায় যেন না যান।”

তিনি বলেন, শুধু তৈরি পোশাক নয়, যেখানেই জনসমাগম হয় অথবা খুব কাছাকাছি বসে কাজ করতে হয় এসব কর্মস্থলের জন্য তাদের পরামর্শ আগে থেকেই রয়েছে।

“গার্মেন্টসগুলোয় যখন কর্মীরা প্রবেশ করে তখন তাদের পরীক্ষা করা হয়। এ অবস্থায় তাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট আছে কি না তা পরীক্ষা করা দরকার। যদি এ ধরনের উপসর্গ থাকে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।”

এসব উপসর্গ থাকা শ্রমিকদের সবেতন ছুটি মঞ্জুর করতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, তাহলে তারা এ প্রক্রিয়ায় অংশ নেবে। তা নাহলে জীবিকা হারানোর ভয়ে হয়তো তথ্য গোপন করবেন।

“সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি বলেন, অন্যান্য অফিস বা প্রতিষ্ঠানের সেসব জায়গায় বা বস্তুতে মানুষের হাতের স্পর্শ লাগে, হাঁচি-কাশি দিলে সংক্রমণ হতে পারে। সেসব জায়গা কিছুক্ষণ পর পর পরিষ্কার করতে হবে এবং কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে।

এ সময় অফিস বা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন বন্ধ রাখার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক।