সোহরাওয়ার্দী মেডিকেলের উত্তম কুমারের বিরুদ্ধে দুর্নীতির মামলা
‘সাজানো দরপত্রে’ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপতালের জন্য বেশি দামে ভারী যন্ত্রপাতি কিনে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতলটির পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সমন্বিত জেলা কার্যালয়- ঢাকা-১ এ সোমবার দুদকের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অধ্যাপক উত্তম কুমার ছাড়াও যন্ত্রপাতি সরবরাহ করা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইনকে সেখানে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে হাসপাতালের জন্য ‘প্রকৃত দামের চেয়ে বেশি দামে’ ভারী যন্ত্রপাতি কিনে সরকারের পাঁচ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ‘আত্মসাৎ’ করেন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে এজাহারে।
সেখানে বলা হয়, ভারী যন্ত্রপাতি কেনার ‘এখতিয়ার না থাকার পরও’ উত্তম কুমার ‘ক্রয় নীতিমালা ভঙ্গ করে’ রাজস্ব, উন্নয়ন ও থোক বরাদ্দ বাজেটের অর্থ দিয়ে দুটি সাজানো উন্মুক্ত দরপত্র আহ্বান করেন।
“উত্তম কুমার দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান হিসাবে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত সরবরাহকারীদের দরপত্রে অংশ গ্রহণের সুযোগ না দিয়ে তৃতীয় ‘মধ্যস্বত্বভোগী’ ঠিকাদার মুন্সী ফররুখ হোসাইনের সাজানো দর গ্রহণ করেন।”
এরপর দুদকের অনুসন্ধানে মেডিকেল যন্ত্রপাতির প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার থেকে এসব যন্ত্রপাতির প্রকৃত মূল্য যাচাই করে ওই অর্থ আত্মাসাতের প্রমাণ পাওয়ার কথা জানানো হয় এজাহারে।
সরবরাহ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি অপারেটিভ হিস্টেরোস্কপি মেশিন, ১১টি হাই ফ্লু অক্সিজেন থেরাপি মেশিন, পাঁচটি ইলেক্ট্রিক ডেল্টা ইউনিট মেশিন ও তিনটি ওটি লাইট রয়েছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।
এ বিষয়ে ডা. উত্তম কুমার বড়ুয়ার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
