জরুরি সভার খবরে অনশন ভাঙলেন ঢাবির শিক্ষার্থীরা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ রাখার দাবিতে শিক্ষার্থীদের অনশনের মুখে সোমবার জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগের খবর শোনার পর প্রক্টরের আশ্বাসে অনশন ভেঙেছেন রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীরা।
নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়ায় বিভিন্ন দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও সরকার বলছে, বাংলাদেশে এখনও সেই পরিস্থিতি হয়নি।
এর মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় ঢাবা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে বসেন অনশনে।
টানা ২১ ঘণ্টা অনশন করে অসুস্থ এই শিক্ষার্থীদের দেখতে রোববার বিকালে প্রক্টর ও ডাকসুর নেতারা রাজু ভাস্কর্যে যান।
প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করার অনুরোধ জানিয়ে বলেন, সোমবার জরুরি সভায় বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গোলাম রব্বানী টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জরুরি সভা ডেকেছে। সেখানে করোনাভাইরাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এরপর অনশন ভঙ্গ করেন হাসান বিশ্বাস (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), জোনাইদ হোসেন (মনোবিজ্ঞান), ইয়াসিন আরাফাত প্লাবন (রাষ্ট্রবিজ্ঞান), আরাফাতুল ওসমানী (আইন) ও রকিব রানা মাসুম (অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ)। তারা সবাই তৃতীয় বর্ষের ছাত্র।
এদিকে করোনাভাইরাসের আতঙ্কে রোববার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা।
ক্যাম্পাস বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন ডা্কসুর নেতারা।
দাবির মধ্যে রয়েছে
>> বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা কিংবা গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা
>> সভা-সমাবেশ ও সাংস্কৃতিক-ক্রীড়ানুষ্ঠানে বিধিনিষেধ আরোপ
>> আবাসিক হলগুলোতে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে উপকরণ সরবরাহ ও দায়িত্বশীল শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসংবাদ সংগ্রহ করা
>> ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আপৎকালীন মেডিকেল ইউনিট চালু করা
>> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণজমায়েত ও গণপরিবহন নিয়ন্ত্রণ করা
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও সাময়িকভাবে ক্যাম্পাস বন্ধ রাখার দাবি তুলেছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্ততিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনমত তৈরি হয়েছে। এমতবস্থায় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করে অতিসত্বর হল ত্যাগের ঘোষণা করা হোক।”
