২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য-সেবা ক্রয়ে প্রতারিত হলে ১৬১২১ অভিযোগ নেওয়া শুরু

পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে দেশের তৃণমূল পর্যায়ের ভোক্তারাও যাতে ঘরে বসেই তাদের অভিযোগ দায়েরসহ সংশ্লিষ্ট বিষয়ে যাচিত তথ্য মুহুর্তের মধ্যেই পেতে পারেন এ জন্য চালু হল হট লাইন সেবা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 12:12 AM

Updated : 18 Aug 2022, 02:42 PM

ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন ১৬১২১ নম্বরে ফোন দিয়ে কোনো ভোক্তা পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে পারবেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এ সেবা দেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ হটলাইন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রী বলেন,“ভোক্তাদের চাহিদার উপর ভিত্তি করে গড়ে উঠা বাজার ব্যবস্থা হতে হবে ভোক্তা বান্ধব ও নিরাপদ।বাজার মানেই ক্রেতা-বিক্রেতার সহাবস্থান, ব্যবসা মানেই ক্রেতা-বিক্রেতার মিথস্ক্রিয়া। ব্যবসায়ীদের সদিচ্ছা, চেষ্টা, আইনানুগ ব্যবসা পরিচালনাই গড়ে তুলতে পারে একটি সুস্থ এবং সহযোগীতামূলক উৎপাদক ব্যবসায়ী ভোক্তা সম্পর্ক।

“ন্যায্য মূল্য ভেজালহীন পণ্য বা সেবা পাওয়া ভোক্তাদের অধিকার এ বিষয়ে সচেতন করতে পারলে জরিমানার প্রশ্নটা কমে যাবে মানুষ আর অন্যায় কাজ করবে না।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বাবুল কুমার সাহা।

বাণিজ্য সচিব জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।