২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা ঘুরল জলবায়ু বাসের

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ডকুমেন্টরি এবং নানান ধরনের বিজ্ঞাপন নিয়ে তাদের কাছে হাজির হবে একটি সুসজ্জিত বিশেষ বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2020, 09:01 PM

Updated : 10 Oct 2022, 07:02 PM

ডিজিটাল এলইডি ডিসপ্লে, মোবাইল থ্রিডি সিনেমা সিস্টেম এবং ইন্টারঅ্যাকটিভ কিয়স্কের মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করবে এই ‘জলবায়ু বাস’।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সোলার প্যানেল, ওয়াইফাই এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্বলিত আর্কাইভ সমৃদ্ধ বাসটির উদ্বোধন করেন।

একটি প্রকল্পের আওতায় এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জলবায়ু বাসটি তৈরি করা হয়েছে।

মন্ত্রী বলেন, এ বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

“ডিজিটাল এলইডি ডিসপ্লে, মোবাইল থ্রিডি সিনেমা সিস্টেম, ইন্টারেক্টিভ কিয়স্ক, গ্রিন এনার্জির জন্য সোলার প্যানেল, ওয়াইফাই ও জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্বলিত আর্কাইভসহ বিশেষ এ জলবায়ু বাসটি তৈরি করা হয়েছে।

“পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে তৈরিকৃত সচেতনতামূলক টেলিভিশন বিজ্ঞাপন, রেডিও বিজ্ঞাপন, থিম সং এবং ডকুমেন্টারি এই বাসের মাধ্যমে দেশব্যাপী প্রচার করা হবে।”

আপাতত একটি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে অবহিত করা হবে। পরে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মন্ত্রী জানান, সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

“জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করার লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট তহবিলের ব্যবহার করা হছে।”

জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে শাহাব উদ্দিন বলন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ আমার, আপনার ছোট ছোট পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, প্রকল্প পরিচালক মো. মোখতার আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।