২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ভবনে অগ্নিকাণ্ড, ছিল না নেভানোর ব্যবস্থা

রাজধানীর মহাখালীতে একটি নয় তলা ভবনে আগুন লেগে পরিত্যক্ত মালামালের গুদাম পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2020, 07:00 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

ফায়ার সার্ভিস জানায়, রোববার বেলা পৌনে ৩টার দিকে রসুলবাগ এলাকার রয়েল ফিলং স্টেশনের পেছনে হাজী শাহাবউদ্দিন কমপ্লেক্সের নবম তলায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাজী শাহাবুদ্দিন কমপ্লেক্স নামের এই ভবনটির নিচ তলা থেকে চতুর্থতলা পর্যন্ত পোশাক কারখানা, পঞ্চম তলায় ইউনিভার্সাল নার্সিং কমপ্লেক্সের ক্লাসরূম।

এছাড়া রয়েছে এ জে আর পার্শেল অ্যান্ড কুরিয়ার ও এম ইউ ফ্যাশনসের অফিস। ভবন মালিক নবম তলা পরিত্যক্ত মালামালের গুদাম হিসেবে ব্যবহার করতেন।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ভবনের নবম তলায় গুদামে থাকা সব পরিত্যক্ত মালামাল পুড়ে গেছে। সেখানে গার্মেন্টস ও মেডিকেল ইক্যুইপমেন্ট ছিল।

“এটি একটি বাণিজ্যিক ভবন, কিন্তু এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। আমতলী আমাদের একটি মোবাইল টিম থাকে। সেটি দ্রুত ঘটনাস্থলে চলে আসতে পেরেছে। পর্যায়ক্রমে আরও আটটি ইউনিট এসেছে।”

দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করতে না পারলে আগুন আশাপাশের ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান দেবাশীষ বর্ধন।

এম ইউ ফ্যাশনসের ফ্লোর ইনচার্জ রতন হাওলাদার বলেন,  দুপুরে তিনি নিচে নেমেছিলেন খাবার খেতে। আগুন লাগার খবর পেয়ে দৌড়ে আসেন। তাদের সব সহকর্মীই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আগুন লাগার কারণ তৎক্ষণিকভাবে জানা যায়নি; এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

পুরনো খবর:

মহাখালীতে শাহাবউদ্দিন কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে