২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস পরীক্ষার প্রস্তুতির মধ্যে হাসপাতাল থেকে পলায়ন

নভেল করোনাভাইরাস আক্রান্ত কি না সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রস্তুতির মধ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন একজন রোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2020, 04:50 PM

Updated : 10 Oct 2022, 07:02 PM

বাহরাইন প্রবাসী ওই ব্যক্তি জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানিয়েছেন।

রোববার সকালে তার বিষয়ে করণীয় নিয়ে চিকিৎসকদের বৈঠকের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি পালিয়ে যান।   

Image
নভেল করোনাভাইরাস আক্রান্ত কি না- সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রস্তুতির মধ্যে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন একজন রোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

নভেল করোনাভাইরাস আক্রান্ত কি না- সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রস্তুতির মধ্যে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন একজন রোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

ডা. উত্তম কুমার সাংবাদিকদের বলেন, “আমরা তার বিষয়টি নিয়ে মিটিং করছিলাম। আমরা ডিজি মহোদয় (স্বাস্থ্য অধিদপ্তর) ও আইইডিসিআরের পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আইইডিসিআরের ডিরেক্টর তার টিম পাঠাচ্ছিলেন। এরমধ্যে ওই রোগী পালিয়ে গেছে। এখন তাকে পাওয়া যাচ্ছে না।

“সে যখন বুঝতে পেরেছে, তাকে আমরা ওই দিকে পাঠাব এটা বুঝতে পেরে সে পালিয়ে গেছে। সঙ্গে তার স্ত্রী ছিল।”

করোনাভাইরাসের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিলেও এই রোগে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই মনে করছেন ডা. উত্তম।

এর পক্ষে যুক্তি তুলে ধরে এই চিকিৎসক বলেন, “ওই ব্যক্তি ১৮ জানুয়ারি বাহরাইন থেকে দেশে আসেন। তার সেখানে নভেল করোনাভাইরাস পজিটিভ রোগী পাওয়া গেছে ৬ ফেব্রুয়ারি। সে এখন শ্বাসকষ্টের কথা বলছে। হয়ত নিউমোনিয়ায় ভুগছে।”

এর আগে গত ১০ মার্চ করোনাভাইরাস আক্রান্ত কি না পরীক্ষা করতে বলায় সিলেটে একটি বেসরকারি হাসপাতাল থেকে সৌদি আরব প্রবাসী এক নারী পালিয়েছিলেন।

তবে পরে খোঁজ নিয়ে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি।

রোববারই নভেল করোনাভাইরাসের লক্ষণ রয়েছে সন্দেহে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ থেকে একজনকে মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া জানিয়েছেন।