কানুনগো ও তহশিলদার নিয়োগ আগামীতে পিএসসির মাধ্যমে: মন্ত্রী
ভূমি প্রশাসনের কানুনগো এবং তহশিলদার পদে নিয়োগের পরীক্ষা আগামীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বুধবার ঢাকার নীলক্ষেতে 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)'র ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের (৬ষ্ঠ হতে ১২ তলা) উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “পিএসসির মাধ্যমে এসব পদে নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ।”
এখন কানুনগো ও তহশিলদার পদের নিয়োগের পরীক্ষা ভূমি মন্ত্রণালয় থেকে হচ্ছে।
সাইফুজ্জামান আশা প্রকাশ করেন, উচ্চ শিক্ষিত মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তারা ভূমি সেবায় গুণগত পরিবর্তন আনবেন।
প্রশিক্ষণরত সহকারী কমিশনারদের (এসি ল্যান্ড) সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভূমি মন্ত্রণালয়ের যতদিন আপনারা কাজ করবেন তার কর্মকৃতি মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (বিসিএস প্রশাসন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়) পাঠানো হবে। সেসব মূল্যায়নে আপনাদের পরবর্তী পদায়ন, পদোন্নতি এবং পদ থেকে প্রত্যাহার করার ক্ষেত্রে বিবেচনার জন্যে সুপারিশ থাকবে।”
নেতৃত্বের গুণাবলি অর্জনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, “যাদের নেতৃত্ব দেওয়ার জন্যে আপনাদেরকে সরকার নিয়োগ দিয়েছে, তাদের কথা শুনে অন্ধভাবে সিদ্ধান্ত প্রদান করবেন না। প্রয়োজনে পরামর্শ নিলেও সিদ্ধান্ত প্রদান করার পূর্বে তা যাচাই করবেন কয়েক জায়গা হতে।
“এসি ল্যান্ড হিসেবে আপনাদের সিদ্ধান্তে অনেক মানুষের পারিবারিক ও অর্থনৈতিক জীবনযাত্রায় প্রভাব পরে; সুতরাং মানুষের যেন হয়রানি না হয় তা সবসময় মনে রাখবেন।”
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরাদ্দকৃত অর্থ হতে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা কম ব্যয়ে ১২ কোটি ৮৮ লাখ টাকায় (প্রায়) ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬ষ্ঠ তলা হতে ১২ তম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শেষ করা হয়েছে।
বর্তমানে সেখানে ১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে, আগে যা ছিল ৩০ জন এবং বর্তমানে ৯০ জন প্রশিক্ষণার্থীর আবাসনের সংকুলান হচ্ছে, যা আগে ছিল ৩০ জনের।
