পুরান ঢাকায় নতুন দিনের সূচনা করেছি: সাঈদ খোকন
পুরান ঢাকায় নতুন দিনের সূচনা করতে পেরেছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার নতুন সাজে সজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধনে এসে তিনি বলেন, পুরনো ঢাকা এখন ‘বদলে যাওয়া নগরী’।
“আমি জান প্রাণ দিয়ে নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ, রাস্তা ঘাট, সড়ক বাতি উন্নয়নে কাজ করেছি। এর প্রমাণ এসব কাজের মধ্যেই রয়ে গেছে।”
ছয় কোটির বেশি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা এই পার্ক দেখে রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, “বেহাল হয়ে থাকা এবং নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে প্রভাবশালী মহল, আদালত বিভিন্ন স্থানে নানাভাবে লড়াই করতে হয়েছে।”
গতবছর ডেঙ্গুর প্রাদুর্ভাবে সমালোচিত খোকনের বদলে এবার সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দেয় শেখ ফজলে নূর তাপসকে, যিনি সাংসদ পদে ছেড়ে এসে ভোট করে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন।
তাপসকে ‘অতি চমৎকার, আধুনিক ও উদ্যমী মানুষ’ হিসেবে বর্ণনা করে বিদায়ী মেয়র খোকন বলেন, “তিনিও পুরান ঢাকাকে আরো এগিয়ে নেবেন।”
অন্যদের মধ্যে স্থপতি রফিক আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাছিমা বেগম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
