২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর নতুন নির্বাচনের খবর নেই

প্রায় তিন দশকের অচলাবস্থা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এক বছর পূর্ণ হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই।

রাসেল সরকার

মো. , ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 02:16 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ডাকসুর গঠনতন্ত্রে ছাত্র সংসদের মেয়াদ ৩৬৫ দিন হলেও কোনো কারণে ভোট না হলে আগের নির্বাচিত প্রতিনিধিদের আরও অন্তত ৮৯ দিন দায়িত্ব পালনের সুযোগ রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে। সেক্ষেত্রে পুরো ক্ষমতা ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপচার্যের হাতে।

ডাকসুতে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও উপাচার্যের ‘অনীহার’ অভিযোগ তুলে ডাকসু নির্বাচন আদৌ হবে কি না তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন ডাকসু ভিপি নূরুল হক নূর। ছাত্রলীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারাও দ্রুত নির্বাচন চান। তবে উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। ১৯৯০ সালের পর সর্বশেষ গত বছর ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়। নির্বাচিত প্রতিনিধিরা ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব নেন। সে হিসেবে ওই দিনই শেষ হবে বর্তমান ছাত্র সংসদের মেয়াদ।

এ সংসদের ২৫টি পদের ২৩টিই ছাত্রলীগের দখলে। শুধু ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয় কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নূর ও আখতার হোসেন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডাকসুর কার্যনির্বাহী সভায় পরবর্তী ডাকসু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনার প্রস্তাব তুলেছিলেন সমাজসেবা সম্পাদক আখতার। কিন্তু বিষয়টি নিয়ে ডাকসু সভাপতি উপাচার্য তখন কোনো মন্তব্য করেননি। সময়মতো ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু নেতৃত্বের মধ্যে দ্বিধা দেখা দিয়েছে ।

এবিষয়ে জানতে চাইলে ডাকসু ভিপি নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ছাত্রলীগ চায় না আবার ডাকসু নির্বাচন হোক। এতে করে তাদের একচ্ছত্র আধিপত্য খর্ব হয়।”

জোরালো আন্দোলনের সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেয় সরকার। ওই আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল হক নূর। সেই পরিচিতি কাজে লাগিয়ে স্বাধীনতার পর ছাত্র সংগঠনগুলোর প্যানেলের বাইরে থেকে প্রথম ভিপি নির্বাচিত হন তিনি।

ওই নির্বাচন ঘিরে নূরের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ করেই যাচ্ছেন ছাত্রলীগ নেতারা। এজন্য ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে তার অনুষ্ঠানে বাধাও দেওয়া হয়েছে। তার উপর একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নিজের কক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন ভিপি নূর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একদল নেতা-কর্মী।

ভিপি নূর মনে করেন, গতবারের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই নির্বাচন করা যায়। কিন্তু উপাচার্যের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে স্পষ্টতই তিনিও ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী নন।

“তিনি (উপাচার্য) বলছেন, এটা তো বিশাল কর্মযজ্ঞ, রাষ্ট্রের কনসার্ন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলা প্রয়োজন।”

এ প্রসঙ্গকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন না থাকার প্রমাণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যকে যদি সরকারের অনুমতি নিতে হয়, তাহলে তো এটা দুঃখজনক। এতে বুঝাই যাচ্ছে সরকারের কনসার্ন ছাড়া বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

“নামে মাত্র বলা হয় স্বায়ত্তশাসন আছে। এখন নির্বাচন হবে কি না, সেটা নিয়ে যথেষ্ঠ সন্দেহ-সংশয়ের বিষয় রয়েছে।”

তবে নূরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, “নূরু যেটা বলেছে, এটা ভুয়া কথা। ডাকসু বডির সবাই ডাকসু নির্বাচন চায়। একজনও নাই যে, এবিষয়ে তার দ্বিমত রয়েছে।

“ভিসি স্যার বলছেন, পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে কার্যনির্বাহী সভা আয়োজনের চেষ্টা করছি।”

তবে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা যেটা মনে করি, ২৮ বছর পর একটি ডাকসু নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এতেই আত্মতৃপ্ত থাকার সুযাগ নেই। এটিও মনে রাখা উচিত- ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য কোনো করুণা বা বদান্যতা নয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয় আইনের অবিচ্ছেদ্য অংশ।

“আমরা চাই ডাকসু নির্বাচন একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক। প্রত্যেক বছর আমরা বার্ষিক পরীক্ষা দিই, সেই হিসেবে প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হবে। আমাদের চাওয়া, ডাকসু নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে অনতিবিলম্বে যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।”

ডাকসু নির্বাচনে অনীহার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু নিয়ে এখন কোনো বলতে চাই না। ডাকসুর পরবর্তী সভা শেষে জানানো হবে।”

ডাকসু গঠনতন্ত্রের ৮(ই) ধারায় বলা হয়েছে, ‘ডাকসুর সভাপতি বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের দিন, তারিখ ও ভোটগ্রহণের সময় ঠিক করে সবাইকে জানাবেন।’