করোনাভাইরাসে ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু
নভেল করোনাভাইরাসে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ম্যানচেস্টারে বসবাসরত এই ব্যক্তি সম্প্রতি ইতালি ঘুরে এসেছিলেন; যে দেশটি করোনাভাইরাস সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে।
করোনাভাইরাসে যুক্তরাজ্যে রোববার তৃতীয় যে ব্যক্তির মৃত্যু হয়, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যক্তি বলে বিবিসি বাংলা জানিয়েছে।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, ষাট বছর বয়সী ওই ব্যক্তি নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তিনি নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি গার্ডিয়ানকে বলেন, “আমি বেদনার সঙ্গে জানাচ্ছি যে কভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে তৃতীয় একজনের মৃত্যু হয়েছে।
“তিনি সম্প্রতি করোনাভাইরাসন সংক্রমিত এলাকা ভ্রমণ করে এসেছিলেন। তার স্বাস্থ্যগত নানা জটিলতাও ছিল।”
তার ছেলে বিবিসি বাংলাকে বলেন, তার বাবার কোলেস্টরেল, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা ছিল। একশ’ভাগ সুস্থ বলা না গেলেও তিনি মোটামুটি ভালোই ছিলেন।
সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় এই ব্যক্তির।
তার ছেলে বলেন, বাংলাদেশ থেকে ১৯৮৯ সালে ইতালি পাড়ি দিয়েছিলেন তার বাবা। ছিলেন মিলানের ৫০ কিলোমিটার দূরে সুইজারল্যান্ড সীমান্তের এক শহরে। চার-পাঁচ বছর আগে যুক্তরাজ্যে আবাস গড়লেও প্রতিবছরই ইতালি যেতেন বেড়াতে।
এবছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইতালি বেড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ২৯ ফেব্রুয়ারি ফিরে আসেন ম্যানচেস্টারে।
ছেলে বলেন, “তখনও তিনি সুস্থ। কিন্তু তিন দিন পর সব যেন ওলট-পালট হয়ে গেল।”
৩ মার্চ অসুস্থ বোধ করার পর বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন তিনি। তিনি ইতালি থেকে এসেছেন শোনার পর তাকে আলাদা করে ফেলা হল। এরপর নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
“হাসপাতালে প্রথম কয়েকদিন তিনি বেশ ভালোই ছিলেন। কিন্তু তারপর ডাক্তাররা বলছিলেন, তার রক্তে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে না। তার হার্টবিট অনিয়মিত। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর রোববার তিনি মারা গেলেন,” বলেন তার ছেলে।
তবে ওই ছেলেসহ পরিবারের সদস্যরাও এখন রয়েছেন ‘আইসোলেশনে’।
তিনি বলেন, “প্রতিদিন পাবলিক হেলথ ইংল্যান্ড থেকে আমাদের সবার কাছে টেক্সট আসে। তারা জানতে চায়, আমাদের সব ঠিক আছে কি না? আমাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ আছে কি না? তবে এখন পর্যন্ত আমরা সবাই ভালো আছি। আমাদের কারও মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই।”
ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার চারজনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৪৮ জন বেড়ে দাঁড়িয়েছে ৩২১ এ।
বাংলাদেশে করোনাভাইরাসের তিনজন রোগী ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে। আক্রান্ত অন্যজন হলেন ইতালিফেরত একজনের স্বজন।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ ঘটছে সবচেয়ে দ্রুত গতিতে।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। মৃতের সংখ্যা চীনের পর সবচেয়ে বেশি ৪৬৩ জন।
