জগন্নাথ শিক্ষার্থীকে যৌন নিপীড়নে গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার আনোয়ার ওরফে আনারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী রিমান্ডের এই আদেশ দেন।
আসামি আনোয়ারকে আদালতে হাজির করে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই শাহাদাত হোসেন।
অন্যদিকে আসামির জামিনের আবেদন করেন তার আইনজীবী কাজী রিয়াজুল ইসলাম ।
শুক্রবার সকালে মটরসাইকেলে এসে এই দুজন পুরান ঢাকার জনসন রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। ছবি: সিসিটিভি ফুটেজ
গত ৮ মার্চ রাত পৌনে ৮টায় কোতোয়ালি থানার নবাববাড়ি এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
তার আগে গত ৬ মার্চ সকালে পুরান ঢাকার কলতাবাজারে সড়কে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন দুজন। দুপুরেই সূত্রাপুর থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেন।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, আনোয়ারের বিরুদ্ধে আরও ৪/৫ টি মামলা রয়েছে।
