২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটরসাইকেলে এসে সড়কে জবি ছাত্রীকে যৌন নিপীড়ন

যৌন হয়রানির অভিযোগে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 05:13 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

শুক্রবার সকালে পুরান ঢাকার জনসন রোডের এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীটি দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন বলে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা মামলা নিয়েছি। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের আইডেন্টিফিকেশনের চেষ্টা করছি।”

মামলায় ওই ছাত্রী অভিযোগ করেন, নাটকের রিহার্সালে অংশ নিতে সকালে হেঁটে মেস থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনসন রোডে দুই ব্যক্তি মটরসাইকেলে এসে তাকে থামান। চালক তার শরীরে হাত দেন এবং অপরজন তার উদ্দেশে গালিগালাজ করেন।

ওই ছাত্রীর স্বজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সুত্রাপুর থানায় মামলা করেছি।

“যেহেতু ফুটেজে অভিযুক্তদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, তাই দ্রুত তাদের ধরা সম্ভব। আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা চাই।”