কমনওয়েলথে ব্যাপক সংস্কার দরকার: পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক পরিসরে আরও কার্যকর ভূমিকার জন্য কমনওয়েলথের অবস্থানে সংস্কারের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার কমনওয়েলথ দিবসের এক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, ”জি-৭৭, আফ্রিকান ইউনিয়নের মতো কমনওয়েলথেরও জাতিসংঘে স্বতন্ত্র অবস্থান থাকা উচিত। এক্ষেত্রে কমনওয়েলথকে আরও সম্পৃক্ত করার স্বার্থে এর অবস্থানে ব্যাপক সংস্কার করা দরকার।”
বারিধারা ডিপ্লোমেটিক ক্লাবে ওই আলোচনা সভা আয়োজন করে কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশ।
মোমেন বলেন, বাংলাদেশ আশা করে কমনওয়েলথ কেবল একটি সংগঠনের হিসাবে সীমাবদ্ধ থাকবে না, বরং অনেক অংশীজনের সমন্বয়ে এবং বহুমুখী প্ল্যাটফর্মের মাধ্যমে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কনওয়েলথকে যোগাযোগ, অংশীদারিত্ব, ব্যবসায় ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সম্পৃক্ত হিসাবে দেখতে চায়। যাতে বহুমুখী কার্যক্রম ও গঠনমূলক লক্ষ্য থাকবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মোকাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকায় কানাডার হাই কমিশনার বেনোয়া প্রেফেঁতে, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শাকির, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জাভেদ প্যাটেল ও সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল ইসলাম বাবুল বক্তব্য দেন।
কমনওয়েলথ দিবসে রানি দ্বিতীয় এলিজাবেথের বাণী পড়ে শোনান কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশের কাউন্সেলর নুরুল ফজল বুলবুল।
