২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর মত ফরাসি মন্ত্রীর

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন সফররত ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 07:31 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

সোমবার দুপুরে ফ্লোরেন্স পারলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গিয়ে বলেন, তার দেশ রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে ফ্রান্সের মন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করা, যাতে, তারা বাংলাদেশ থেকে নিজেদের রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়।”

রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয়সহ বিভিন্ন সহায়তা দেওয়ায় সরকারের প্রশংসা করেন ফ্লোরেন্স পারলি।

বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বিভিন্ন বিষয়ে মতৈক্য থাকার কথা উল্লেখ করে ফরাসি মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একযোগে কাজ করছে।

ফ্লোরেন্স পারলি লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে তার দেশের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের বিষয়ে আগ্রহের কথাও জানান।

জবাবে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই খাতে ফ্রান্সের সঙ্গে আরও সহযোগিতা দেখতে চাই।”

শেখ হাসিনা বলেন, তার সরকার প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে।

আলোচনায় করোনাভাইরাসের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতালি ফেরত দুইজনসহ মোট তিনজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ইতোমধ্যেই হাসপাতালে আলাদাভাবে (কোয়ারান্টাইনে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় ফ্লোরেন্স পারলিও ফ্রান্সে করোনাভাইরাসের পরিস্থিতির কথা তুলে ধরেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সরকার, জনগণ এবং আঁন্দ্রে মাঁরলোর মত নেতৃস্থানীয় বুদ্ধিজীবীদের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মো. মাহফুজুর রহমান এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মারিও সুশোও এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া ফরাসি মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা জেভিয়ার চ্যাটেল, সামরিক উপদেষ্টা ক্রিস্টোফার ক্লুজেল এবং শিল্প উপদেষ্টা হার্ভে গ্র্যানজিঁয়ে উপস্থিত ছিলেন।