কিউরেটর পাচ্ছে জাতীয় জাদুঘর
জাতীয় জাদুঘরে কিউরেটর নিয়োগের বিধান রেখে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ১৯৮৩ সালের আদেশ নতুন করে আইন করার জন্য আনা হয়েছে।
“সংস্থার প্রধান হিসেবে থাকবেন মহাপরিচালক, সেখানে কিউরেটরও থাকবেন। একজন কিউরেটর, আরেকজন সহকারী কিউরেটর থাকবেন। কিউরেটরের পদটা ছিল না, আজকে কেবিনেটে মিটিংয়ে আলাপ-আলোচনা করে এই দুটি পদ ইন্ট্রুডিউস করা হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ভার্চুয়াল জাদুঘরের বিষয়টিও মন্ত্রিসভা আইনে অন্তর্ভুক্ত করে দিয়েছে। শুধুমাত্র ফিজিক্যালি না, বাইরে থেকে কেউ যদি ভার্চুয়ালি জাদুঘর দেখতে চায় সেটার যেন একটা সিস্টেম থাকে। ক্যাবিনেট এটা ইন্ট্রুডিউস করে দিয়েছে। ডিজিটাল জাদুঘর সিস্টেমও আইনে রয়েছে।”
নতুন আইনের খসড়ায় ২৫টি ধারা রয়েছে জানিয়ে আনোয়ারুল বলেন, খসড়া আইনে জাদুঘর কার্যালয়, দায়িত্ব, কার্যাবলী, ক্ষমতা, পরিচালনা কীভাবে করা হবে, প্রত্মতাত্ত্বিক বোর্ড গঠন ও এর কার্যাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে।
