বিআইএফএফএলের সাত কর্মকর্তাকে দুদকে তলব
সাবেক প্রধান নির্বাহী এস এম ফরমানুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৯ ও ২৩ মার্চ তারেকে জিজ্ঞাসাবাদে হাজির হতে রোববার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন- বিআইএফএফএলের চিফ অপারেটিং অফিসার সগীর হোসেন খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাশরুনা এ চৌধুরী, ইউনিট হেড (ট্রেজারি) নিসারুল কবীর সিদ্দিকী, ইউনিট হেড (আইটি অ্যান্ড এমআইএস) মো. মোহাবুল আলম। তাদেরকে আগামী ১৯ মার্চ তলব করা হয়েছে।
এছাড়া সিনিয়র অফিসার (অর্থ ও হিসাব) সালাউদ্দিন কাদের চৌধুরী, সিনিয়র সহকারী অফিসার মোহাম্মদ হোসেন এবং অফিসার (এইচআর অ্যান্ড এডমিন) মোহাম্মদ শাহজাহানকে ২৩ মার্চ তলব করা হয়।
ফরমানুল ইসলামের বিরুদ্ধে এর আগে গত বছরের ১৯ সেপ্টম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এতে সাইফুল ইসলামকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দেওয়া হয়েছে অনুসন্ধানের তদারকের দায়িত্ব। একই দিন ফরমানুলের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুদক কর্মকর্তারা বলছেন, ফরমানুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে ‘ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্ঘন করে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
