২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চে ভালুকায় ভাষণ উৎসব

ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ভাষণের এই দিনে হাজারো শিক্ষার্থীকে নিয়ে উৎসব হয় ময়মনসিংহের ভালুকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 11:47 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

তিন বছর আগে এই উৎসবের সূচনা করেছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার।

বর্তমানে উপসচিব পদে দায়িত্বরত ২৫তম বিসিএসের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে, মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়তে হবে। এ লক্ষ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিস্তার নামে কর্মসূচি নিই আমি। ২০১৭ সালে ভালুকা উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ছাত্র-ছাত্রীকে এ ভাষণ যথাযথভাবে চর্চার উদ্যোগ নিই।”

এই উদ্যোগের অংশ হিসেবে ভালুকা উপজেলায় লাখো শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর ভাষণের সিডি ও লিখিত কপি বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। আয়োজন করা হয় ভাষণ উৎসব। প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উৎসব হয়। ব্যাপক সাড়া পড়ে উপজেলার পাঁচ লাখ মানুষের মধ্যে।

“১৯ মিনিটের ঐতিহাসিক ভাষণ হুবহু মুখস্থ করে অভিন্ন উচ্চারণ, বাচনভঙ্গি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নেয় হাজারো শিক্ষার্থী। এখন কয়েকশ শিক্ষার্থী ভাষণটি মুখস্থ বলতে পারে; লক্ষাধিক শিক্ষার্থী ভাষণটি আত্মস্থ করে এবং সবার মাঝে অভূতপূর্ব দেশাত্মবোধ তৈরি হয়।  এ ধারাবাহিকতায় এখন জেলার অনেক উপজেলায় হচ্ছে ভাষণ উৎসব। কেন্দ্রীয়ভাবে শিশু একাডেমিও ভাষণ উৎসবের আয়োজন করছে,” বলেন উপসচিব কামরুল।

একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ২০১৭ সালের অক্টোবরে এ স্বীকৃতি মিলেছে।

কামরুল আহসান তালুকদার বলেন, “যখন কর্মসূচি নিয়েছি তখন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। ৭ মার্চকে জাতীয় ভাষণ দিবস এবং ৭ মার্চের ভাষণকে ‘জাতীয় ভাষণ’ ঘোষণার দাবি করে আসছি তখন থেকেই। ২০১৭ সালের ২৫ জানুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর আবেদনও করা হয়েছে।”