২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 12:32 AM

Updated : 18 Aug 2022, 02:39 PM

আফ্রিকার আরব দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লারবি বৃহস্পতিবার গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ও আলজেরিয়ার রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। 

রাবাহ লারবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সি প্রশংসা করেন বলে জানান তিনি ।

প্রেস সিচব বলেন, “আলজেরিয়ার রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”
বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকার আমলে দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন।

শেখ হাসিনা আরও শিল্পায়ন এবং স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সারাদেশে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আলজেরিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলজিয়ার্স (আলজেরিয়ার রাজধানী) সফরের কথা স্মরণ করেন।

১৯৮৪ সালে আফ্রো-এশিয়া সলিডারিটি কনফারেন্সে যোগদানের জন্য নিজের আলজেরিয়া সফরের কথাও বলেন শেখ হাসিনা।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ১৯৭৩ সালে ন্যাম সম্মেলনের সময় বিভিন্ন রাষ্ট্র প্রধানদের সঙ্গে তোলা জাতির পিতার আলোকচিত্রের একটি অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির আইনজীবী অধ্যাপক পায়াম আখাভান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।