সেই ওয়েস্টিন হোটেলের অন্দরে এক বেলা
পাপিয়াকাণ্ডে আলোচনার মুখে থাকা পাঁচতারা হোটেল ওয়েস্টিনে গিয়ে অতিথির সংখ্যা আগের চেয়ে কম দেখা গেল।
এতে পাপিয়ার কেলেঙ্কারির প্রভাবের বিষয়টি আলোচনায় এলেও ওয়েস্টিনের এক কর্মকর্তা বললেন, করোনাভাইরাসের কারণে এখন বিদেশি অতিথি কম।
যুব মহিলা লীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে গত ২২ ফ্রেব্রুয়ারি র্যাব গ্রেপ্তার করার পরদিন সংবাদ সম্মেলন করে জানায়, পাপিয়া ওয়েস্টিন হোটেলকে ডেরা বানিয়ে সমাজের উঁচুতলার লোকদের জন্য ‘যৌনসেবার কারবার’ চালাতেন।
এরপর থেকে সবার আলোচনায় গুলশানের ২৪ তলাবিশিষ্ট ঢাকা ওয়েস্টিন হোটেল, যার মালিকানা কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ব্যবসায়ী নূর আলী।
পাপিয়া গ্রেপ্তার হওয়ার ১০ দিন পর বুধবার বিকালে ওয়েস্টিন হোটেলে গেলে নিরাপত্তা তল্লাসির মধ্য দিয়ে ভেতরে ঢুকতে হয়।
এরপর কিছুদূর এগিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কয়েকটি দোকান। সেখানে সবার বামে পার্লস এ্যান্ড এনটিক শপ।
ক্রেতা ভেবে দোকানের কর্ণধার রাখাল মজুমদার তালা খুলে ভেতরে ঢুকতে সহায়তা করেন।
বিকাল সাড়ে ৪টার দিকেও লোকজন কম কেন জানতে চাইলে তিনি বলেন,“পাপিয়া নামের এক যুবলীগের নেত্রী এই হোটেলে থেকে নানা ধরনের অপকর্ম করত। তাকে গ্রেপ্তারের পর যারা এখানে আসত, তাদের অনেকের মধ্যে ভয় ঢুকে পড়েছে মনে হচ্ছে। তাই কয়েকদিন ধরে লোকজন কম আসছে।”
পাপিয়ার ওয়েস্টিনকেন্দ্রিক কারবারে গুরুত্বপূর্ণ পদধারীসহ নানাজনের নাম এখন সোশাল মিডিয়ায় ঘুরছে, তাদেরও তদন্তের আওতায় আনার কথা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
রাখাল মজুমদারের সঙ্গে কথা বলার পর ওয়েস্টিনের দ্বিতীয় তলার অভ্যর্থনা এলাকা পার হতেই দেখা গেল ওয়াকিটকি হাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন সদস্যকে। নিজেদের মধ্যে মৃদুস্বরে কথা বলছিলেন তারা।
সন্দেহভাজন কেউ ঢুকছে কি না, তার নজরে রাখতে হোটেল কর্তৃপক্ষের তৎপরতাও দেখা গেল। অথচ সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেনশিয়াল স্যুইটে থাকা পাপিয়ার তৎপরতার বিষয়ে কিছুই জানতেন না বলে ওয়েস্টিনের দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করে আসছেন।
ওয়েস্টিনের দ্বিতীয় তলায় কিছু দূর হেঁটে ‘স্মোকিং জোনে’ গেলে সেখানে কাউকেই দেখা গেল না।
বিকাল পৌনে ৫টার দিকে দ্বিতীয় তলার লিফট থেকে সরাসরি লেভেল ২৩ এ উঠে পানশালা, তার পাশেই প্রেগো রেস্তোরাঁ।
পানশালায় হোটেলের একজন কর্মকর্তা সালাম দিয়ে দরজা খুলে দেন। ভেতরটা ছিল জনশূন্য। পানশালার মূল এলাকা ছাড়িয়ে ছোট একটা কাচের দরজা পার হয়ে ধূমপানের এলাকা। সেখানেও কেউ ছিল না।
ওই এলাকায় বেশ কিছুক্ষণ থাকলেও কারও দেখা না পেয়ে বেরিয়ে আসার পথে যুবক এক কর্মী বললেন, কিছু দিন ধরে মানুষের আনাগোনা কম। তবে খুব শিগগিরই ‘সব ঠিক’ হয়ে যাবে।
বিকাল সোয়া ৫টার দিকে প্রেগো রেস্তোরাঁয় ঢোকার পথে দেখা গেল কয়েকজন কর্মী খাবার প্রস্তুতের কাজ করছেন, কয়েকজন কর্মী ফ্লোর পরিষ্কার করছেন। কিন্তু কোনো চেয়ারেই অতিথি নেই।
প্রায় আধা ঘণ্টা অবস্থানের সময় কোনো অতিথি দেখা যায়নি এই রেস্তোরাঁয়। অথচ কিছু দিন আগেও এই সময় প্রচুর অতিথি দেখা গিয়েছিল এখানে।
খাবার মেনু নিয়ে উপস্থিত হওয়া রেস্তোরাঁকর্মী অতিথি এখন কম হওয়ার কথা স্বীকার করলেও বলেছেন, এর কোনো কারণ তিনি জানেন না।
ওয়েস্টিনের লেভেল ৫ এ রয়েছে একটি অপেক্ষাকৃত ছোট রেস্তোরাঁ।
তারপাশেই সুইমিংপুলে একজনকে বিকাল সাড়ে ৫টার দিকে সাঁতার কাটছে দেখা গেল। এই সুইমিংপুলে সঙ্গীদের নিয়ে পাপিয়ার নাচের একটি ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।
দায়িত্বরত এক নারী কর্মকর্তা বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা হোটেলের সুইমিংপুল ব্যবহার করা যায়। এজন্য যারা সদস্য নন, তাদের সাঁতার কাটতে ২ হাজার টাকা দিতে হয়।
এখন ভিড় নেই, কখন ভিড় কম থাকে- জানতে চাইলে তিনি বলেন, “সেটা ঠিক বলা যাচ্ছে না। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় লোকজন কম।”
নূর আলীর সঙ্গে শামীমা নূর পাপিয়ার এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
এই কর্মকর্তার ভাষ্য, চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অনেক বিদেশি অতিথি বুকিং বাতিল করেছে। এজন্য হোটেলে লোকজন কম দেখা যেতে পারে।
ওয়েন্টিনে গত এক সপ্তাহে কী পরিমাণ অতিথি এসেছেন বা তাদের সংখ্যা আগের তুলনায় কম কি না- জানতে চাইলে হোটেলটির মার্কেটিং বিভাগে কর্মকর্তা সাদমান সালাউদ্দিন প্রশ্ন লিখে মেইল করতে বলেন।
মেইল পাঠিয়ে অন্তত ছয় ঘণ্টা অপেক্ষা করলেও সাদমানের কোনো উত্তর আসেনি।
‘নির্দেশনা ভেঙেছে ওয়েস্টিন’
দীর্ঘদিন অবস্থানের পরও শামীমা নূর পাপিয়া সম্পর্কে কোনো তথ্য থানায় না জানিয়ে ওয়েস্টিন কর্তৃপক্ষ প্রচলিত ‘রীতি ভেঙেছে’ বলে মন্তব্য করেছেন গুলশান এলাকার এক পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন বোর্ডার দীর্ঘদিন অবস্থান করলে প্রচলিত রীতি হচ্ছে, এটা থানাকে অবশ্যই অবহিত করতে হবে। এক্ষেত্রে ব্যত্যয় হয়েছে। তাদের উচিৎ ছিল, আগেই আমাদেরকে অবহিত করা।”
ওয়েস্টিন হোটেল
বিদেশিদের তথ্য জানানোর আইনি বাধ্যবাধকতা থাকলেও স্থানীয়দের ক্ষেত্রে তা নেই। তারপরও এটা প্রথা বলে জানান উপ-কমিশনার সুদীপ।
“এটা একটা প্রাকটিস। ডিএমপি অর্ডিন্যান্সের আওতায় পুলিশ কমিশনারের এখতিয়ার অনুসারে বিভিন্ন সময়ে যে নির্দেশনা দিয়ে থাকি, সেখানে আমরা বলে থাকি, দেশি যারা বোর্ডার তাদের তথ্য যেন আমাদেরকে দেয়। বিশেষ করে যারা দীর্ঘদিন অবস্থান করে।”
