২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল চৌধুরীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 08:35 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকালে তাদের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন গুনার ইউরিয়া।

এ সাক্ষাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতির নানা বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য আয়োজনে কসোভোর অংশগ্রহণের বিষয়ে তার সরকারের আগ্রহের কথা জানান।

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্বন্ধে কসোভোর জনগণকে জানানোর নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

মুজিববর্ষের বছরব্যাপী আয়োজনের সূচনা হবে চলতি বছরের ১৭ মার্চ। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা শহর ও বিভিন্ন স্থানে ৩১ বার তোপধ্বনি, সব সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন, টুঙ্গীপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হবে।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সেদিনের অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এদিন জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে।

পুরনো খবর:

মুজিববর্ষে যত আয়োজন