‘ধমক’ দেওয়ার পর পিছু হটলেন, দখল হারালেন সাংসদ আসলামুল
টানা দ্বিতীয় দিন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযানে অবৈধ দখল হারালেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক।
দুই দিনে ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্যের দখলে থাকা প্রায় সাড়ে চার একর তীরভূমি উদ্ধার করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানিয়েছেন।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, বুড়িগঙ্গার পশ্চিমপাড়ে কেরানীগঞ্জের চরওয়াশপুরে জেটি নির্মাণের অনুমতি নিয়ে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছেন আসলামুল হক। এর পাশে অনেক জায়গা ঘিরে দেয়াল তুলে নিজের বলে দাবি করেছেন তিনি। সেখানে তেলের ডিপোসহ কিছু কিছু স্থাপনাও তৈরি করেছেন।
মঙ্গলবার অভিযানে গিয়ে তেলের ডিপো ভাঙার চেষ্টার পাশপাশি দুটি ছোট ঘর ও দেয়াল ভেঙে দেয় বিআইডব্লিউটিএ‘র উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দল।
ঢাকার সংসদ সদস্য আসলামুল হক বুড়িগঙ্গা তীরের অনেক জমি অবৈধভাবে দখল করেছেন বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ভাষ্য
বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চরওয়াশপুরে অবৈধ স্থাপনা ও বেদখল হওয়া ভূমি উদ্ধার করতে গেলে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এসে ধমক দিয়ে বলেন, এ সার্ভে মানি না, বন্ধ করুন উচ্ছেদ অভিযান।
“প্রায় আধা ঘণ্টা তিনি ছিলেন।তখন ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে তিনি চলে যান।”
এই সংসদ সদস্যের সঙ্গে আসা লোকজনকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলেও জানান এই কর্মকর্তা।
আসলামুল হকের দখলে ‘বিশাল তীরভূমি’ রয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, “পরবর্তীতে সেগুলোও উদ্ধার করা হবে।”
জমি দখলে যে দেওয়াল তৈরি করা হয়েছিল, তা ভেঙে দেওয়া হয়েছে এই অভিযানে
আইনের প্রতি তার ‘শ্রদ্ধা রয়েছে’ জানিয়ে আসলামুল হক বলেন, “বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানকে আমি স্বাগত জানাই। উচ্ছেদ অভিযানে আমার কিছু 'অবজারভেশন' রয়েছে, সেটাই আমি তাদেরকে বলেছি।
“আদি বুড়িগঙ্গা একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে জরিপ করলে বেশ কয়েকটি গ্রাম থাকবে না। অথচ ওই সব গ্রামবাসী ভূমি অফিস থেকে সিএস, আরএস সব ধরনের কাগজ নিয়েছে। আমি সে কথাই বিআইডব্লিউটিএকে বলতে গিয়েছি।”
নদীর তীর দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কোনো তীরভূমি আমি দখল করিনি।”
