২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিল গ্রুপের মালিকদের দুদকে তলব

বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে নির্মাণ প্রতিষ্ঠান পিল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 08:21 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (মিন্টু) ও ব্যবস্থপনা পরিচালক রিসাল মাহমুদকে আগামী ১০ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ঢাকার গুলশান-১ এর ২৮ নম্বর বাড়ি সিডব্লিউএস (বি) ঠিকানায় তলবের এই নোটিস পাঠানো হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

নোটিসে অভিযোগের বিষয়ে বলা হয়, “ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”

দুদক থেকে পাঠানো নোটিসের বিষয়ে বক্তব্য জানতে পিল গ্রুপের কার্যালয়ের ফোন নম্বরে একাধিকবার কল দিলেও কেউ তা ধরেননি।

গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে সংস্থাটি।

ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ২০০ জনের তালিকা ধরে অনুসন্ধান করছে দুদক।