ফেইসবুকের বাংলা ‘বদনবই’, বাংলা একাডেমির নয়
ফেইসবুকের বাংলা ‘বদনবই’ করা হয়েছে বলে যে পোস্ট নিয়ে আলোচনা চলছে, তা ভুয়া বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
বাংলা একাডেমির মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলা একাডেমি’ নামে তৈরি করা একটি ফেইসবুক আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়।
বিষয়টি তুমুল আলোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলা একাডেমি।
এতে বলা হয়েছে, “বাংলা একাডেমির মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে একটি অসাধু গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে।
“বাংলা একাডেমি এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা একাডেমি থেকে ফেইসবুকের কোনো বাংলা করা হয় নাই। সেকারণে ভুয়া আইডি থেকে ফেইসবুক পোস্ট নিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
