২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনু-রুপন মুদ্রা পাচারের মামলায় রিমান্ডে

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তারের আগে-পরে যে দুই ভাইর বাড়ির সিন্দুকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল, সেই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে মুদ্রা পাচারের মামলায় জিজ্ঞাসাবাদে করবে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 08:08 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনু ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুপন একই কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ক্যাসিনোকাণ্ডে নাম আসার পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

এনু ও রুপন বন্দি থাকার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের তাদের বাড়িতে অভিযান চালিয়ে সিন্দুকের মধ্যে থরে থরে সাজানো ২৬ কোটি টাকা ও স্বর্ণ উদ্ধার করে র‌্যাব।

তাদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলাও হয়। সেই মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিন হেফাজতে রাখতে ঢাকার আদালতে আবেদন করে পুলিশ।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম দুই ভাইর প্রত্যেককে ছয় দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র‌্যাব তার সঙ্গে এনু-রুপনের সম্পৃক্ততা পায়।

এরপর ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব।

তখন পালিয়ে যাওয়া এনু ও রুপনকে গত ১৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

আরও খবর

এনু-রুপনের টাকা ‘গুণতে গুণতে’ মামলায় দেরি

এই ঘরে এত টাকা!

এনু-রুপনের আরেক বাড়িতে পাঁচ সিন্দুকে ২৬ কোটি টাকা

সিন্দুকে সিন্দুকে টাকার স্তূপ সরালেও পার পেলেন না তারা