২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায়ভিত্তিক চাষাবাদ-ফসল বাজারজাতের সুযোগ পাবেন কৃষকরা

কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সমবায়ের ভিত্তিতে জমি চাষাবাদ এবং ফসল বাজারজাতকরণের সুযোগ রেখে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 04:58 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, এ নীতির মূল লক্ষ্য হচ্ছে সকল শ্রেণির কৃষক ও উদ্যোক্তাদের চাহিদাভিত্তিক প্রযুক্তি ও তথ্যসেবা দেওয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঘাত সহনশীল, পরিবেশবান্ধব, নিরাপদ, টেকসই ও পুষ্টিসমৃদ্ধ লাভজনক ফসল উৎপাদন নিশ্চিত করা।

মন্ত্রিসভা সমবায়ভিত্তিক চাষ পদ্ধতি নীতিতে অন্তর্ভুক্তের নির্দেশনা দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “অনেক ইকুইপমেন্ট আছে, যেগুলোর দাম ২০/২২ লাখ টাকা। কয়েকজন কৃষক তিন মাসের জন্য একটা কিনলে তাদের জন্য লাভজনক হয় না।

“সেজন্য সমবায়ভিত্তিতে সবাই মিলে যদি এটা কেনা যায়, তাহলে সবাই সেটা ব্যবহার করতে পারবে। ওইভাবে বাজারজাতকরণটাও যদি সমবায়ভিত্তিতে হয়, বিশেষ করে চাষের বিষয়টি, আজকে বিশেষভাবে আলোচনা হয়েছে।”

ছোট জায়গায় হঠাৎ করে ভিন্ন একটি ফসল বাজারজাতকরণে খুব অসুবিধা হয় জানিয়ে আনোয়ারুল বলেন, “একসঙ্গে বড় একটি জায়গায় সমবায়ভিত্তিতে চাষ থেকে শুরু করে বাজারজাতকরণের ব্যবস্থা করা যেতে পারে। নীতিমালায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।”

কীভাবে সমবায়ভিত্তিতে চাষাবাদ ও ফসল বাজারজাত হতে পারে সেই উদাহরণও তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “১০০ একর জায়গা নেওয়া হল, এর মধ্যে সবার জমি থাকল। সবাই যদি একই টাইপের ফসলে যায়, তাহলে কম্বাইন্ড পদ্ধতিতে চাষ করে একসাথেই ফসল কাটা হবে, একসাথে তুলে নেওয়া হবে। সেক্ষেত্রে মার্কেটিংয়ে সুবিধা হবে।

“যারা কেনে তাদের এক জায়গায় নিয়ে আসলে তারা একসাথে নিয়ে যেতে পারবে। তখন জমির পরিমাণ অনুযায়ী ব্যয় ও লাভ বিশ্লেষণ করে প্রত্যেক কৃষককে (টাকা) দিয়ে দেওয়া যাবে।”

সমবায়ভিত্তিক চাষ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সেক্ষেত্রে আমাদের প্রোডাকটিভিটি বৃদ্ধি পাবে। এ বিষয়ে একটি পাইলট প্রজেক্টের বিষয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। দেখা যাচ্ছে, এটায় দুই গুণ, আড়াই গুণ পর্যন্ত বেশি লাভ হয়।”

কৃষি সম্প্রসারণ সেবার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনাগুলো নীতিমালায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে জানিয়ে সচিব বলেন, “কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এ নীতিটি বাস্তবায়ন করা গেলে কৃষকের চাহিদা অনুয়ায়ী সম্প্রসারণ সেবা দেওয়ার মাধ্যমে কৃষি উন্নয়ন ও উৎপাদনকে আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমরা মনে করি।”