২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস স্মরণের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 02:34 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

সোমবার দিবসটি উপলক্ষ্যে কলাভবন সংলগ্ন বটতলায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানীদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ানো হয়েছিল এ জায়গায়।

পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপাচার্য ছাড়াও বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন। এছাড়া আলোচনায় অংশ নেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, “১৯৭১ সালের মার্চ মাসের শুরু থেকে একের পর এক ঐতিহাসিক ঘটনাবলী ঘটতে থাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হতে থাকে বাংলাদেশ।

“১৯৭১ সালের ২ মার্চ ঐতিহাসিক এই বটতলায় তৎকালীন ডাকসুর নেতৃবৃন্দ বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তারা তৎকালীন ইকবাল হলে (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) বৈঠক করে ২ মার্চ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেন এবং এ ব্যাপারে বঙ্গবন্ধুর অনুমতি গ্রহণ করেন।”

ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য অনুধাবন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে এবং জাতি গঠনে নেতৃত্বে দিতে হবে।”

আলোচনা পর্ব শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী সংগীত পরিবেশন করেন।