২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে থানা হাজতে নারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানার হাজতে অসুস্থ হয়ে মারা গেছেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2020, 03:30 PM

Updated : 18 Aug 2022, 02:35 PM

সোমবার মধ্যরাতে থানা হাজতে অসুস্থ হওয়ার পর জোৎস্না ওরফে লিমা (৩৫) নামের ওই নারীকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার ভোর পৌনে ৪টায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ওয়াহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “মোহাম্মদপুরের নূরজাহান রোডে ডি-টাইপ কলোনির একটি ফ্ল্যাটে পতিতাবৃত্তি হচ্ছে- ৯৯৯ নম্বরে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
“পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিনা (৪৫), জোৎস্না (৩৫), শাহিনুর (২২) নামের তিন নারী ও সোহাগ নামের এক ব্যক্তিকে সেখানে পায়।

পুলিশ কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম বলেন, “চারজনকে থানায় নেওয়ার পর তিন নারীকে আলাদা হাজতে রাখা হয়। রাত তিনটার পর জোৎস্না অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে হৃদরোগ ইনস্টিটিউট স্থানান্তর করার পর ডাক্তার জানান জোৎস্না মারা গেছে।”

সরকারি বরাদ্দপ্রাপ্ত কলোনির বাসাটি সেলিনার জানিয়ে তিনি বলেন, তার স্বামী অনেক আগেই মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী কলেজ অধ্যক্ষ ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা সেলিনার বিরুদ্ধে মানবপাচারের দুইটি মামলাও রয়েছে বলে জানান ওয়াহেদুল ইসলাম।

আর স্বামী পরিত্যক্তা জোৎস্না থাকতেন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে।