হুইপ সামশুলের মামলায় পুলিশ পরিদর্শক সাইফের জামিন
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাইবার ট্রাইবুনালে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরখাস্ত পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিম (সাইফ আমিন)।
রোববার ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে সাইফের জামিনের আদেশ দেন।
এ ট্রাইবুনালের পেশকার শামীম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ‘কন্ট্রোলার অব সার্টিফাইয়িং অথরিটিজ’র সোশাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত।
১২ ফেব্রুয়ারি প্রতিবেদনটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। তখন বিচারক পরোয়ানা জারি করেছিলেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন দিন পর আসামি সাইফ ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানিতে সায়েদুল হক বলেন, “আসামি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরাপরাধ। তিনি ষড়যন্ত্রের শিকার। আসামির কাছ থেকে জব্দকৃত আলামত মোবাইল ফোন, সিম, ফেইসবুক এ্যাকাউন্টে সাইফ আমিনের ধারণকৃত তথ্য ফরেনসিক বিশ্লেষণে তর্কিত স্ট্যাটাস পাওয়া যায়নি।
“আসামি গুরুতর অসুস্থ, কিছুদিন আগে হার্টের অপারেশন করিয়েছেন। জামিন পেলে তিনি পলাতক হবেন না।”
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী মামলাটির পরবর্তী ধার্য তারিখ ৫ এপ্রিল পর্যন্ত জামিনের আদেশ দেন।
গত বছর ২৫ সেপ্টেম্বর ফেইসবুকে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ‘পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয় করেছেন’ উল্লেখ করে পোস্ট দেন।
পরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইফ আমিনের বিরুদ্ধে মামলা করেন হুইপ সামশুল হক চৌধুরী।
মামলায় বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে হুইপ সামশুল হকের নাম কোথাও আসে নাই। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যা প্রকাশের মাধ্যমে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে মামলার তদন্ত প্রতিবেদন তদন্ত কর্মকর্তা বলেছেন, বাদীর বিরুদ্ধে আসামির দেওয়া বিতর্কিত পোস্টটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে ব্যাপক প্রচার ও প্রকাশ হয়। এতে বাদী সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও বন্ধু মহলে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন হন। যার ফলে বাদীর নির্বাচনী এলাকায় শান্তিপ্রিয় জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়।
পুলিশ পরিদর্শক সাইফ আমিন সাময়িক বরখাস্ত হয়ে এয়ারপোর্টের আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত আছেন।
