২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়া আর হুইপকে নিয়ে মন্তব্য করে পুলিশ পরিদর্শক বরখাস্ত

ফেইসবুকে জুয়ার আসর থেকে পুলিশের ‘অর্থপ্রাপ্তি’ এবং এর সঙ্গে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে জড়িয়ে মন্তব্য করে সাময়িক বরখাস্ত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন পরিদর্শক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 09:40 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের ওই ফেইসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল।

এপিবিএন-এর অতিরিক্ত মহা পরিদর্শক মোশাররফ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি চাকরির শৃঙ্খলাবিধি ভঙ্গ করায় পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় পরিদর্শক সাইফুল আমিন রংপুর রেঞ্জে সংযুক্ত থাকবেন বলে আদেশে জানানো হয়।

এদিকে পুলিশ কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। 

ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে বুধবার হাজির হয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল আমিনের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে আগামী ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে  বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বাদীর নাম কোথাও আসেনি। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা ইন্টারনেটে প্রকাশ করার কারণে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাদের তত্ত্বাবধানে ‘৬০টি ক্যাসিনো চালানোর’ খবর সংবাদমাধ্যমে আসার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্লাবে ও বারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে। কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ নিয়ে গত ২০ সেপ্টেম্বর ফেইসবুকে একটি পোস্ট দেন পুলিশ পরিদর্শক সাইফুল আমিন, যার শিরোনাম ছিল ‘ক্লাব- জুয়া- সাংসদ এবং ওসি‘। তার ওই পোস্ট নিয়ে আলোচনা শুরু হলে পুলিশ কর্মকর্তারাই বিব্রতকর অবস্থায় পড়েন।

থানার ওসি এবং গোয়েন্দা পুলিশ জুয়ার আসর ও ম্যাসাজ পার্লারগুলো থেকে ‘কী পরিমাণ টাকা নেন’ তার একটি হিসাব সাইফুল আমিনের ওই পোস্টে দেওয়া হয়।

পাশাপাশি চট্টগ্রাম আবাহনী ক্লাবের ‘জুয়ার আসর’ থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ‘কত টাকা পেয়েছেন’ তারও একটি হিসাব সেখানে দেওয়া হয়েছে।

গত শনিবার চট্টগ্রামে আবাহনী, মোহামেডানসহ পাঁচটি ক্লাবে র‌্যাবের অভিযানের পর সামশুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “ক্যাসিনোর বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে। কিন্তু জুয়ার নামে ক্লাবগুলোতে অভিযান মানা যায় না।”

পুরনো খবর:

ক্লাবে অভিযানের নামে ‘সম্মানহানি’, ক্ষুব্ধ হুইপ সামশুল