আপাতত মন্ত্রিসভায় আর রদবদল নয়: কাদের
সরকারের কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই মুহূর্তে আর রদবদলের সম্ভবনা নেই।
নতুন মন্ত্রিসভা গঠনের বছর পূর্তির পর বড় রদবদলের গুঞ্জনের মধ্যে গত বৃহস্পতিবার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “মন্ত্রিসভায় সম্প্রতি একটা রদবদল হয়েছে, তাই খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় বিন্যাস পুনর্বিন্যাস, সম্প্রসারণ-এটা হওয়ার সম্ভাবনা খুব কম৷
“যেহেতু রদবদলটা এই মুহূর্তে হয়েছে পারফরম্যান্স বা গতির জন্য, সেখানে নতুন করে মেজর কোনো পরিবর্তন বা সম্প্রসারণ এই মুহূর্তে হবে না। এটা হয়তো আরও পরে হতে পারে।”
মন্ত্রিসভায় রদবদলের কারণ ব্যাখ্যায় কাদের বলেন, “কাজের গতির জন্য, কাজের সুবিধার জন্য করা হয়েছে। হয়তো আমি যে স্থানে আছি প্রধানমন্ত্রী মনে করছেন আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরম্যান্স আরও ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।”
গত বৃহস্পতিবার দপ্তর বদলের পালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হারিয়েছেন শ ম রেজাউল করিম। তাকে পাঠানো হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে।
এছাড়া দপ্তর পরিবর্তন হয়েছে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও শরীফ আহমেদের। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ থেকে শরীফকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
শ ম রেজাউল করিমের ‘ডিমোশন’ হল কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “এটা ডিমোশন-প্রমোশনের কোনো বিষয় না। মন্ত্রী মন্ত্রীই, মন্ত্রণালয় মন্ত্রণালয়ই।
“গৃহায়ন মন্ত্রী তিনি যে মন্ত্রণালয় পেয়েছেন, এখন সারা বিশ্বে বাংলাদেশের মাছের বাজার খুবই বর্ধমান। মাছ থেকে আয়ের ক্ষেত্রে আমাদের পজিশন অনেক হাই। সেদিক থেকে বিচার করলে এই মন্ত্রণালয়কে খাটো করে দেখা যায় না। গণপূর্তে এক রকমের কাজ, মৎস্য ও প্রাণী সম্পদে আরেক রকম কাজ। সব জায়গাতে কাজ আছে। এখন প্রশ্নটা হচ্ছে কাকে দিয়ে কোন জায়গায় পারফরম্যান্স বেশি হবে সেটা প্রধানমন্ত্রী ভাল জানেন।”
আরেক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “যাকে দিয়ে কাজটা ভালো হবে সেটা প্রধানমন্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। হয়তো তিনি মনে করেছেন গণপূর্তের চেয়ে মৎস্য ও প্রণীসম্পদে গৃহায়ণমন্ত্রী আরও ভালো কাজ করবেন, কাজে আরও গতি আসবে।”
